জাবিতে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্যদের সন্ধানে গোয়েন্দা অভিযান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সাত সদস্য রয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছে। এ সদস্যদের ধরতে ক্যাম্পাসে অভিযান অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহভাজন ওই সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র এবং নিরাপত্তা শাখার এক কর্মচারীর ছেলে রয়েছে। বর্তমানে তারা ক্যাম্পাসসহ আশেপাশের এলাকায় আত্মগোপন করে আছে বলেও গোয়েন্দা বিভাগীয় সূত্র জানায়।
এর আগে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সক্রিয় সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে ১১ ও ১৩ ডিসেম্বর র্যাব-৪ গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে- অর্থনীতি বিভাগের ছাত্র কেএম ওয়াহিদুল ইসলাম ওয়াসিম এবং অপরজন রসায়ন বিভাগের ছাত্র আলমগীর হোসেন সৈকত।
আত্মগোপনকারী অপর সুইসাইড স্কোয়াড সদস্যদের মধ্যে রসায়ন বিভাগের ১৯৯৯-২০০০ ব্যাচের আফম কামালউদ্দিন হলের একজন ছাত্র, দর্শন বিভাগের ২০০৩-০৪ ব্যাচের শহীদ সালাম বরকত হলের একজন ছাত্র, নৃ-বিজ্ঞান বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের একজন ছাত্র, আল-বেরুনী হলের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের অপর এক ছাত্র রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দারোয়ান তাজুল ইসলামের ছেলেও এ দলে রয়েছে বলে গোয়েন্দা শাখার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক সৈয়দ কামরুল আহসান বিডিনিউজকে বলেন, জঙ্গিদের অপতৎপরতা রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
এদিকে ক্যাম্পাসে জেএমবি সদস্যদের আত্মঘাতী হামলার আশঙ্কায় প্রায় এক মাস ধরে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৎপরতা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাবি শিক্ষকমঞ্চের নেতারা। বিবৃতিদাতারা হলেন, মোহাম্মদ রফিক, আনু মুহাম্মদ, স্বাধীন সেন এবং মির্জা তাসলিমা সুলতানা প্রমুখ।
