ভবদহ জলাবদ্ধতা নিরসনে ৯ দফা দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
যশোরের ভবদহ স্লুইসগেট খুলে দেওয়ার দাবিতে ভবদহ জলাবদ্ধতা নিরসন সংহতি পরিষদ নয়দফা দাবিতে হরতালসহ পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
খুলনা প্রেসক্লাবে বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি চলতি বছরের ২২ ডিসেম্বর থেকে ২০০৬ এর ৩ জানুয়ারি পর্যন্ত চলবে। এর মধ্যে রয়েছে-- ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি জলাবদ্ধ এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণে আলোচনা সভা, ২৮ ডিসেম্বরের মধ্যে পানি নিষ্কাশন না হলে ২৯ ডিসেম্বর নওয়াপাড়া ও মনিরামপুর এবং ৩১ ডিসেম্বর কেশবপুরে অর্ধদিবস হরতাল এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে ৩ জানুয়ারি খুলনার শহীদ হাদিস পার্কে প্রতীক অনশন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-- হিউম্যানিটি ওয়াচের প্রধান নির্বাহী হাসান মেহেদী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-- ড. মাহমুদ হাসান রতন, সুলতান আহমেদ মল্লিক, রনজিত বাওয়ালী, মাহফুজুর রহমান মুকুল প্রমুখ।
