২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমলাতান্ত্রিক জটিলতার কারণে ২১টি কোম্পানীর শেয়ার ছাড়তে দেরি হচ্ছে

আমলাতান্ত্রিক জটিলতার দরুণ আটটি রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানসহ মোট ২১টি সরকার নিয়ন্ত্রিত কোম্পানী বাজারে তাদের শেয়ার ছাড়তে পারছে না। সরকার এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 10:15 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

গত ৩১ আগস্ট এক আন্তঃমন্ত্রণালয় সভায় সরকার তিনমাসের মধ্যে শেয়ারগুলো বাজারে ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। দেশের অস্থিতিশীল মুদ্রাবাজারে গতি সঞ্চারের জন্য সেপ্টেম্বর মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সরকার অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

স্মারকটিতে কতগুলো শেয়ার কি পদ্ধতিতে ছাড়া হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনাও দেয়া হয়।

কিন্তু প্রস্তুতি নেয়ার জন্য যথেষ্ট সময় না থাকায় পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও সময় মঞ্জুর করে।

সিদ্ধান্ত অনুসারে শক্তি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড, ইস্টার্ন লুব্রিক্যান্ট এ্যান্ড ব্লেন্ডিং লিমিটেডকে তাদের মূলধন ভিত্তি পুনর্বিন্যাস করে রাইট শেয়ার ছাড়তে বলা হয়।

এছাড়াও সভায় ৩১ ডিসেম্বরের মধ্যে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো) এবং পাওয়ার গ্রীড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডকে পুঁজি বাজারে ২৫ শতাংশ শেয়ার ছেড়ে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহীত হয়।

টেলিটক সম্প্রসারণের উদ্ধেশ্যে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) কে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ দেয়া হয় বলে সূত্র জানায়।

সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলামের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি সংশোধিত পরিকল্পনার খসড়া চূড়ান্ত হওয়ার পথে, তাই আগেরটির আর কোন গ্রহণযোগ্যতা নেই।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই আগের সিদ্ধান্তটির সংশোধনীটি প্রায় চূড়ান্ত করে এনেছি, অর্থ মন্ত্রণালয়ে খসড়াটি পাঠনোও হয়ে গেছে’।

সূত্রগুলো আরও জানায়, এ মাসের শুরুর দিকে সংশোধনীটির কাজ শেষ হয় কিন্তু লালফিতার দৌরাত্মে এখনও সরকার চূড়ান্ত কোন মতামত দিতে পারেনি।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বিস্তারিত কিছু না জানিয়ে ‘কাজ চলছে’ শুধু এটুকুই বললেন।

এদিকে সরকার আরব বাংলাদেশ ব্যাংকের হোল্ডিং এর সম্পূর্ণ শেয়ার এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড, এ্যাটলাস বাংলাদেশ লিমিটেড, উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড (এলপিজিএল) আংশিক শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কিছু শেয়ারও বাজারে আসছে বলে জানা গেছে।

নোভারটিস, রোন পুলেঙ্ক, ফাইসন্স, অরগানন, রোন পুলেঙ্ক এ্যাগ্রোভেট, ইউনিলিভারসহ বহুজাতিক কোম্পানীগুলোতে সরকারের যে শেয়ার রয়েছে তাও অচিরেই ছাড়া হবে বলে সূত্র জানায়।