২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থান থেকে বোমা ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশ সোমবার রাত ও মঙ্গলবার বোমা এবং বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। ফেনী, যশোর, টাঙ্গাইল ও ময়মনসিংহ থেকে এগুলো উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, ফেনী বাজারের পাশে পাগলামিয়ার তাকিয়া প্রাইমারি স্কুল থেকে মঙ্গলবার সকালে পুলিশ সবুজ ও লাল স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ কৌটা উদ্ধার করেছে। এর আগেও সোমবার সোনাগাজী পৌর এলাকার বাঘুরার একটি দোকান থেকে পুলিশ একই ধরনের বস্তু উদ্ধার করে।

 উদ্ধারকৃত বোমা পরীক্ষার জন্যে কুমিল্লা সেনানিবাসের বোমা বিশেষজ্ঞ দলের সহায়তা চেয়েছে ফেনীর পুলিশ প্রশাসন।

বিডিনিউজ বেনাপোল প্রতিনিধি জানান, শার্শা থানার কায়বা ইউনিয়নের দাদখালি গ্রামের আব্দুর রহমানের বাড়ি থেকে পুলিশ সোমবার রাতে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে। ওই রাতেই পুলিশ বোমাটি নিস্ক্রিয় করে। এদিকে ঝিকরগাছায় সংসদ সদস্য মোহাদ্দেস আবু সাইদের বাসভবনের কাছ থেকে একটি বোমাসদৃশ লাল স্কচটেপ জড়ানো বস্তু উদ্ধার করে। স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ এসে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, পৌর এলাকার পারদিঘুলিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে পুলিশ মঙ্গলবার সকাল ৮টায় একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলাকার লোকজন লাল স্কচ টেপ দিয়ে পেচানো এবং দুইটি তার দেওয়া একটি বস্তু দেখে বোমা ভেবে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলবাড়ী ব্র্যাক অফিস থেকে মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।

পুলিশ জানায়, ব্র্যাক অফিসের বাবুর্চি সকাল ৯টার দিকে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে কর্মকর্তাদের জানায়।

ব্র্যাক কর্মকর্তারা এ বিষয়ে পুলিশকে অবহিত করলে তারা এসে বোমাটি উদ্ধার করে।

পুলিশ বোমাটিকে নিষ্ক্রিয় করার জন্য পানিতে ভিজিয়ে রেখেছে।