১৭ আগস্ট বোমা হামলা মামলায় মুফতি হান্নান আবারও ৫ দিনের রিমান্ডে
হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানকে মঙ্গলবার আবারও পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
১৭ আগস্টের বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মশিউর রহমান মঙ্গলবার বিকেলে হান্নানকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পাঁচদিন রিমান্ডের আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে আদালত প্রার্থিত পাঁচ দিনের রিমান্ডই মঞ্জুর করেন।
এ মামলায় তাকে এর আগে ১০ দিন রিমান্ডে নেয়া হয়েছিল। এছাড়া ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা সম্পর্কিত ছয়টি মামলায় তাকে মোট ৬৯ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে বলা হয়, ১৭ আগস্ট শেরাটন হোটেলের সামনে বোমা বিস্ফোরণে হান্নান নেতৃত্ব দিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। ওই হামলায় অংশগ্রহণকারী অপর ব্যক্তিদের নাম ঠিকানা উদ্ধারের জন্যে হান্নানকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
র্যাবের কড়া পাহারায় বুলেটপ্র“ফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর ১ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ মুফতি হান্নানকে গ্রেপ্তার করে।
তৎকালীন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার জন্যে ১৯৯৯ সালে কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখার মামলায় মুফতি হান্নান প্রধান আসামি। ওই ঘটনার পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র পাওয়া গেলে পলাতক অবস্থায় সেই মামলায় হান্নানের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
