২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক ধর্মঘটে ঢাকা-ময়মনসিংহ সড়কে কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ (বিস্তারিত)

পুলিশের ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে মঙ্গলবার বাস মালিক ও শ্রমিকদের আকস্মিক ধর্মঘটে কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা থেকে ময়মনসিংহ এবং আংশিক উত্তরবঙ্গের সাথে বাস যোগাযোগ কয়েকঘণ্টার জন্য অচল হয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সোমবার রাত আটটা থেকে বাস শ্রমিকরা মহাখালী থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। তাদের এ ধর্মঘট মঙ্গলবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। দুপুর একটার দিকে পুলিশ কর্তৃপক্ষ ঘটনার সাথে জড়িত দুই সার্জেন্ট আজহার ও আতিককে ক্লোজ করা হয়েছে বলে জানালে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।

বাস শ্রমিক ও কর্মচারীরা এ ঘটনার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালে মিছিল করে। তারা একজন ট্রাফিক সার্জেন্টের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং তাকে মারধর করে। পুলিশ পাঁচজন বিক্ষোভকারীকে আটক করে।

এ ঘটনায় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বিভিন্ন জেলাগামী যাত্রীরা কয়েক ঘণ্টা আটকা থাকে।

ধর্মঘট চলাকালে কোনও বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহত্তর ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিদিন প্রায় আট হাজার বাস চলাচল করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের দাবিকৃত অবৈধ চাঁদা না দেওয়ায় ট্রাফিক সার্জেন্টরা সিনিয়র ড্রাইভার কাওসার আলীকে মারধর করে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ওসমান আলী অভিযোগ করেন, অবৈধ চাঁদা দেওয়ার জন্য পুলিশ ড্রাইভারদের প্রায়ই চাপ দিয়ে থাকে। দাবিকৃত চাঁদা না দিলে তারা প্রায়ই তাদের মারধরও করে থাকে।

তিনি বলেন, ট্রাফিক সার্জেন্টেদের চাঁদাবাজির প্রতিবাদেরই এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

অন্যদিকে ধর্মঘটের খবর পেয়ে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান এবং শ্রমিক ও কর্মচারীদের সাথে এ ব্যাপারে আলোচনা করেন।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সমস্যার সমাধান হয়ে গেছে।