২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক পানি সংকট সমীক্ষা পরিচালনায় জাতিসংঘ ফাউন্ডেশনের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দক্ষিণ এশিয়ার পানি সমস্যা নিরসনে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে একটি সমীক্ষা পরিচালনার জন্যে জাতিসংঘ ফাউন্ডেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 12 Dec 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস’র সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এসময় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনুস বলেন, নয়াদিল্লিতে মঙ্গল ও বুধবার ফাউন্ডেশনের যে বৈঠক হবে তাতে এ ব্যাপারে আলোচনা করা হবে।

ড. ইউনুস সাংবাদিকদের জানান, বেগম জিয়া বলেছেন যে, বাংলাদেশের পানি সমস্যা একটি আঞ্চলিক সমস্যা। কোনও একটি দেশের একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ভাটির দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ উজানের দেশ থেকে পর্যাপ্ত পানি পায় না।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পানি সমস্যা নিরসনে সহায়তা করার জন্যে জাতিসংঘ ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।

এসময় খালেদা জিয়া জঙ্গি কর্মকাণ্ড মোকাবেলায় আইনশ্ঙ্খৃলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ধর্মীয় নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ফাউন্ডেশনের বোর্ডকে অবহিত করেন।

মিডিয়া মোগল টার্নার প্রধানমন্ত্রীকে বলেন, ছয় বছর আগে ধর্মীয় নেতৃবৃন্দকে নিয়ে তার একটি কর্মসূচি ছিল। বাংলাদেশের সমস্যা মোকাবেলায় তাদের অন্তর্ভুক্তি সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে টেড টার্নার বলেন, বাংলাদেশের প্রধান দু’টি সমস্যা হচ্ছে পানি ও জনসংখ্যা।

তিনি বলেন, এ সমস্যার কারণে সৃষ্ট প্রভাব থেকে কোনও অঞ্চলই রেহাই পাবে না। এ সমস্যার কারণে শিশুস্বাস্থ্য থেকে শুরু করে জনগণের খাদ্য নিরাপত্তা পর্যন্ত জীবনের সব ক্ষেত্রেই প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, চাহিদা যখন প্রবল হচ্ছে ঠিক তখনই পানি সরবরাহ কমে যেতে শুরু করেছে।

বিভিন্ন সংস্থার পরিচালিত গবেষণা রিপোর্টে দেখা যায়, এ অঞ্চলের পানি সম্পদের অবস্থা খুবই খারাপ। দক্ষিণ এশিয়ায় বিশ্বের এক ষষ্ঠাংশ জনসংখ্যার বাস। অথচ এখানকার লোকজনের মাথাপিছু পানি সম্পদের পরিমাণ সর্বনিু।