দেশের বিভিন্নস্থানে ১৭ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার (সমন্বিত)
নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীনের জঙ্গি সন্দেহে পুলিশ দেশের বিভিস্থান থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার এসব গ্রেফতারের ঘটনা ঘটে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মজজিদ থেকে তিনজন, রাজশাহী থেকে পাঁচজন, কুষ্টিয়া থেকে এক নব্য ধর্মান্তরিত মুসলিম ও তার পিতাসহ চারজন, গাইবান্ধা থেকে দুই জন এবং মাদারীপুর, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও থেকে একজন করে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি সন্দেহে পুলিশ বৃহস্পতিবার এক নওমুসলিম যুবক ও তার হিন্দু পিতাসহ চারজনকে আটক করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো নওমুসলিম সাধন কুমার দেবনাথ ওরফে মো. ইসরাইল হোসেন (২২), তার পিতা ভবতোষ চন্দ্র দেবনাথ (৪৫), স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী সেলিম (৪০) এবং তার ছোট ভাই আনোয়ারুল (৩২)। সাধন ওই গার্মেন্টেসে কাজ করতো। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
