২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বোমা বিস্ফোরণে হামলাকারী ও উদীচী নেতাসহ ৭ জন নিহত, আহত অর্ধ শতাধিক, ২য় লিড

স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা নেত্রকোণায় বৃহস্পতিবার সকালে আত্মঘাতী হামলাসহ পৃথক বোমা বিস্ফোরণে সাতজন নিহত এবং ছয় পুলিশসহ অর্ধ শতাধিক আহত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

গাজীপুরে সর্বশেষ আত্মঘাতী হামলার মাত্র এক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এবার আঘাত হানলো তাদের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিতি নেত্রকোণায়।

নিহদের মধ্যে অন্যতম উদীচীর যুগ্ম আহ্বায়ক খাজা হায়দার হোসেন ঘটনাস্থলেই মারা যান। এর আগে মৌলবাদীরা ১৯৯৯ সালের ৬ মার্চ  যশোরে  উদীচীর কেন্দ্রীয় সম্মেলনে বোমা হামলা চালায়। ওই হামলায় মারা যায় ১২ জন। এটিকে মৌলবাদীদের প্রথম বড় ধরনের হামলা হিসেবে চিহ্নিত করা হয়।

বোমা হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ রোববার নেত্রকোণায় সকাল--সন্ধ্যা হরতাল এবং শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

উদীচী অফিসের সামনে সংঘটিত বোমা হামলায় ঘটনাস্থলেই মারা যায় দু’জন। নেত্রকোণা হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও দু’জন। এছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মারা যায় আরও তিনজন। 

এর আগে বোমা বিস্ফোরণের পরপর ঘটনাস্থলে দীর্ঘসময় রক্তাক্ত অবস্থায় এক আত্মঘাতী হামলাকারীর অচেতন দেহ পড়ে ছিল। হামলাকারী মারা গেছে ভেবে, পুলিশ দেহটি ধরতেও ভয় পায়। কারণ তার দেহে বোমার তার পেঁচানো ছিল। পরে জীবিত আছে জেনে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে।

তারা হলেন-- জেলা উদীচীর যুগ্ম আহ্বায়ক খাজা হায়দার হোসেন, জনৈক আবদুস সামাদের স্ত্রী জাহানারা (৩৫) এবং স্থানীয় একটি ওয়েলডিং কারখানার শ্রমিক যাদব (৩২)।

বোমা হামলায় আট বছরের এক শিশুও আহত হয়েছে।

গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ২০ জনকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ ঘটনায় নেত্রকোণায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে সকালে ৯টা ৪০--এ শতদল ক্লাব ও উদীচী কার্যালয়ের সামনে।

গুঁড়ো দুধের কৌটায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনী এসে পানি দিয়ে বোমাটি নিস্ক্রিয় করার সময় এটি বিস্ফোরিত হয়। এসময় দুই পুলিশসহ তিনজন আহত হয়।

প্রথম বোমা হামলার খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। পরিদর্শন শেষে তারা ফিরে যাওয়ার সময় আত্মঘাতী অপর হামলাটি চালানো হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। অপর দু’জনকে নেত্রকোণা সদর হাসপাতালে নেয়ার পর মারা যায়।

তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অক্ষত রয়েছেন।

এদিকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। বিভিন্ন স্থানে মিছিল--সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিন্দা, প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দেয়।

জেএমবি’র উত্থানের পর তারা গত ১৪ অক্টোবর প্রথমবারের মতো আত্মঘাতী বোমা হামলা চালায়। ঝালকাঠিতে সংঘটিত ওই হামলায় দু’জন বিচারক নিহত হন।

১৮ অক্টোবর জঙ্গিদের বোমা হামলা থেকে অল্পের জন্যে বেঁচে যান সিলেটের দ্রুত বিচার আদালতের একজন বিচারক।

২৯ নভেম্বর আত্মঘাতী হামলাকারীরা গাজীপুর এবং চট্টগ্রাম আদালতে বোমা হামলা চালালে মোট ১৩ জন নিহত হয়। ১ ডিসেম্বর গাজীপুরে আবার হামলা চালানো হলে একজন নিহত ও ২০ জন আহত হয়।