ভবদহ জলাবদ্ধতা নিরসনের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত, রোববারের মধ্যে সংস্কার শুরুর আশ্বাস
যশোরের ভবদহ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শনিবার খুলনা-যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
রোববারের মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ সংস্কারের কাজ শুরু হবে বলে যশোর জেলা প্রশাসন আশ্বাস দিলে বেলা ৩টায় অবরোধ কর্মসূচি তুলে নেয়া হয়। ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটি আয়োজিত এ কর্মসূচিতে যশোরের অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাজার হাজার নারী পুরুষ যোগ দেন।
বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা ঘোষণা করেন, আগামী ১৫ দিনের মধ্যে ভবদহের পানি নিষ্কাসন না করা হলে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে। সিরাজ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কপোতাক্ষ বাচাঁও আন্দোলন সমন্বয় কমিটির ইকবাল কবীর জাহিদ, নওয়াপাড়া পৌরসভার চেয়ারম্যান এনামুল হক বাবুল, অধ্যক্ষ আবদুল ওহাব, সাংবাদিক ওয়াহিদুজ্জামান লনি প্রমুখ।
বক্তারা ভবদহ সংস্কারে ২২৯ কোটি টাকার শ্বেতপত্র প্রকাশের দাবি জানায়।
সমাবেশ চলাকালে স্থানীয় সংসদ সদস্য এমএম আমিনউদ্দিন একাত্মতা প্রকাশের জন্যে এলে জনতা তাকে তিরস্কার করে। জনরোষ এড়াতে এসময় তিনি সমাবেশস্থল ত্যাগ করেন। ১০ নভেম্বরের পলি সরানোর কর্মসূচিতে তার দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় জনতা তার প্রতি ক্ষুব্ধ।
এদিকে জলাবদ্ধতা নিরসনে এনজিওস ফোরাম ভবদহ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি তিন মাসের খাদ্য সহায়তা দেওয়া, কৃষিঋণ মওকুফ ও গৃহনির্মাণে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে। শনিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে ফোরামের সভাপতি বাবুর আলী গোলদার জানান, ভবদহের জলাবদ্ধতার কারণে চারটি উপজেলায় প্রায় তিনশ’ কোটি কাটার ক্ষয়ক্ষতি হয়েছে।
