চাঁপাইনবাবগঞ্জ ও খুলনায় জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৩, খুলনার সেকেন্ড ইন কমান্ড সাব্বির ৫ দিনের রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও খুলনার দৌলতপুর থেকে বিডিআর ও র্যাব জেএমবি সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খাসেরহাট এলাকা থেকে বিডিআর সদস্যরা শনিবার জেএমবি সদস্য সন্দেহে আশরাফুল আলম বাবু (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বাজারে।
বিডিআর জানায়, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য সীমান্তবর্তী খাসেরহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। বিডিআর সদস্যরা সকাল সাড়ে ১১ টায় তাকে জেএমবি সন্দেহে গ্রেপ্তার করে। বিডিআর তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, র্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে খুলনার দৌলতপুর থেকে জেএমবি সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে শনিবার বিকেলে তাদের দুইজনকে যশোর কোতায়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সদস্যরা দৌলতপুরের রেলক্রসিং এলাকা থেকে রাকিব ওরফে জুয়েল এবং খালিশপুরের নতুন ডাক্তারের মোড় থেকে মাতিয়ার রহমান মাসুদকে আটক করে। এদের মধ্যে রাকিব রাজশাহীর মোহনপুরের মৌপাড়া এলাকার ইসহাক আলীর পুত্র এবং মাসুদ মেহেরপুরের গাংনী উপজেলার হাটভাঙ্গা গ্রামের বেনাত আলীর পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের নিকট থেকে জঙ্গিবাদ বিষয়ে লিখিত দুটি বই উদ্ধার করা হয়। এদের মধ্যে রাকিব ১৭ আগস্টে শহরের চৌরাস্তা এবং মাসুদ যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বোমা বিস্ফোরণের সাথে জড়িত।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনায় ৩৭ কেজি পটাশিয়াম নাইট্রেট এবং বিপুল বিস্ফোরকসহ র্যাবের হাতে গ্রেপ্তারকৃত জেএমবির খুলনা বিভাগীয় সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান সাব্বিরকে দৌলতপুর থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। দৌলতপুর থানার এসআই অজিত শনিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। জেএমবির কর্মকাণ্ড ও অস্ত্রভাণ্ডার সম্পর্কে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
