২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে সারা দেশে ২২ জন গ্রেপ্তার: বাগেরহাট ও পঞ্চগড়ে ১৭ আগস্ট বোমা হামলার চার্জশিট প্রদান

দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার রাতে জঙ্গি সন্দেহে ২২ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বাগেরহাট ও পঞ্চগড়ে ১৭ আগস্টের বোমা হামলার মামলায় শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ মোট ২২ জনের নামে চার্জশিট প্রদান করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টাঙ্গাইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, চাঁদপুর, সিলেট ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

টাঙ্গাইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, চাঁদপুর, সিলেট ও নারায়ণগঞ্জ থেকে ওই জঙ্গিদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেএমবি সন্দেহে বাসাইল, সখীপুর ও দেলদুয়ার থানা পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে ১০ জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-- বাসাইল থানার মো. ইদ্রিস মিয়া (৫০), তার ছেলে মো. ইয়াকুব মিয়া (২২), আব্দুল করিম (২৩), ইয়াহিয়া মিয়া (২০) ও আনোয়ার হোসেন। সখীপুর থেকে গ্রেপ্তারকৃতরা হলো- মো. নজরুল ইসলাম (৪০) এবং কালিহাতি থেকে শামীম (২১), মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছেন। বুধবার পুলিশ তাদের আদালতে সমর্পণ করে রিমান্ডে নেয় বলে সূত্র জানায়।

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, কোতোয়ালী পুলিশ মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র শিবির, শ্রমিকদল এবং পলিটেকনিক্যাল কলেজের ছাত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সঙ্গে জেএমবির যোগসূত্র রয়েছে বলে কোতেয়ালি থানা সূত্র জানায়।

গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালীর মির্জাগঞ্জের শিবির কর্মী শফিকুল ইসলাম ইসলাম (২৫), নগরীর জরিপাশার শ্রমিকদলের নেতা সুলতান শরীফ (৪০), পলিটেকনিক্যালের ছাত্র জুয়েল (২০) এবং তার ভাই সোহেল (২৫), হাসমত আলী (২৫) এবং খোকন (২৫)।

অন্যদিকে বুধবার ভোরে কোতোয়ালী থানা পুলিশ নগরীর কাউনিয়া এলাকা থেকে জেএমবি সদস্য আবু ইউসুফ (২৫)কে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুর ও ভান্ডারিয়া পুলিশ মঙ্গলবার রাতে হরকাতুল জিহাদ’র সদস্য হাফেজ মো. আব্দুল মান্নান ও মাওলানা লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে। 

বিডিনিউজ ঝালকাঠি প্রতিনিধি জানান, পুলিশ মঙ্গলবার রাতে শহরের ধানসিঁড়ি রেস্টহাউজ থেকে জঙ্গি সন্দেহে মোজাম্মেল হক (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার আদালতে সমর্পণ করলে আদালত মোজাম্মেল হকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে চাঁদপুর পুলিশ শহরের আদর্শ পাড়া থেকে মো. ইসমাইল পাটোয়ারি এবং কচুয়া থানা পুলিশ সিলেট কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় ইসমাইল নামে অপর এক যুবককে আটক করেছে। সিলেটে দ্রুত বিচার আইন আদালতের বিচারককে হত্যার উদ্দেশ্যে নিক্ষিপ্ত বোমা হামলায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। অন্যদিকে ১৭ আগস্ট চাঁদপুর পৌরসভায় বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই রাতে  অপর এক যুবককে আটক করেছে।

বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লা পুলিশ মঙ্গলবার রাতে শাসনগাঁও এলাকা থেকে জেএমবি’র আঞ্চলিক নেতি আতাউর রহমানকে (২৪) গ্রেপ্তার করে। পুলিশের কাছে আতাউর স্বীকার করেছে সে ফতুল্লার আঞ্চলিক নেতা।   

অন্যদিকে বুধবার ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চার্জশিট প্রদান করা হয়েছে।

মামলার বাদী পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ ফকির (পিপিএম) পঞ্চগড় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের আদালতে এ চার্জশিট প্রদান করেন। চার্জশিটে শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়ালসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি চারজন এখনও পলাতক রয়েছে।

অভিযুক্তরা হলো-- আব্দুল আউয়াল ওরফে সামাদ ওরফে আশিক ওরফে মেহেদী হাসান ওরফে আরাফাত (৩২), হাফিুজুর রহমান ওরফে হাফিজ ওরফে নোমান (২০), আব্দুল মতিন ওরফে ইসমাইল (২১), তানভীরুজ্জামান ওরফে সালাম ওরফে মুরাদ (২১), খলিলুর রহমান (৫০), আজিজুল ইসলাম ওরফে মজনু (২৫), আব্দুল মোমিন (২৫), রশিদুল ইসলাম ওরফে আসাদুল ওরফে আসাদুল্লাহ ওরফে আসাদ (২৫), হামিদুল ইসলাম ওরফে হাবিব (২০), ফিরোজ ওরফে মুরাদ (২০) এবং ফজলুর রহমান (৩৪)।

বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ মামলায় জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ জেএমবি’র ১১ সদস্যের নামে দাখিলকৃত চার্জশিটটি আদালত গ্রহণ করেছে। বুধবার বাগেরহাট জেলা ও দায়রা জজ নূরুন্নাহার ওসমানী দীর্ঘ শুনানি শেষে চার্জশিটটি গ্রহণ করেন।

চার্জশিটভুক্ত ১১ আসামি হচ্ছে-- জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, হাসান, শাফি, মোদারছিন, শরিফুল ইসলাম সোহাগ, গিয়াস উদ্দিন, আনিছুর রহমান আনিস, জিল্ল¬ুর রহমান ওরফে জিলু মোল্ল¬া, কালিম মোল্লা ও আবু তালেব। এদের মধ্যে প্রথমোক্ত সাতজন পলাতক এবং অন্য চারজন কারাগারে রয়েছে। চার্জশিটভুক্ত আনিস, কালিম, জিলু মোল¬া ও আবু তালেব বাগেরহাট আদালতে পৃথক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ১৭ আগস্ট বাগেরহাটে বোমা বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেএমবি সন্দেহে গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্যে বুধবার পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।