২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র অব্যাহত হুমকি, প্রধান টার্গেট বিচারক ও সরকারি কর্মকর্তারা

গাজীপুর ও চট্টগ্রামে বোমা হামলার পাশাপাশি জামা’আতুল মুজাহিদিন (জেএমবি) দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা উড়িয়ে দেওয়ার ও সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। এসব ঘটনায় বিভিন্ন আদালতের বিচারক ও সরকারি কর্মকর্তা ও ভবনগুলোর ওপর তাদের রোষ প্রকাশিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, জেলার সেটেলমেন্ট অফিস আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি সম্বলিত একটি চিঠি  মঙ্গলবার সকাল ১১ টায় ডাকযোগে অফিসে এসে পৌঁছায়।

ভোলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা অধীর চন্দ্র দাশ সাংবাদিকদের জানান, সকাল ১১ টায় সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আবুল কালাম ও অফিস সহকারী সহিদুল ইসলাম বরাবর এই চিঠি পাঠানো হয়। হাতে লেখা ওই চিঠিতে বলা হয়, আল্লাহর আইন বাস্তবায়ন করতে ৮ ডিসেম্বর তোদের অফিসে বোমা হামলা করা হবে। চিঠিতে প্রেরকের নাম ঠিকানা না থাকলেও নীচে জেএমবি ভোলা শাখা লেখা ছিল।

এ সংবাদ ছড়িয়ে পড়লে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতংক দেখা দেয় এবং সকল কর্মকান্ড বন্ধ হয়ে যায়। সেটেলমেন্ট অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

এর আগে ভোলা সদর উপজেলার ইউএনও এবং এসি ল্যান্ড অফিসেও বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল।

শেরপুর প্রতিনিধি জানান জেলার শ্রীবরদি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে জেএমবি ক্যাডাররা। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমানকে ডাকযোগে এ হুমকি দেয়া হয়। চিঠিতে বলা হয়, মৃত্যুর জন্যে তৈরি হও।

চিঠি পাওয়ার পরপরই বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান তিনি।

এদিকে দিনাজপুরের সিনিয়র সহকারী জজ এম আলী আহম্মেদ বাদলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জেএমবি’র একটি চিঠি মঙ্গলবার বিকেলে তার দপ্তরে আসে।

আদালত সূত্রের বরাত দিয়ে প্রতিনিধি জানান, জেএমবি ঠাকুরগাঁও এলাকার নামে চিঠিটি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আল্লাহর আইন কায়েম না করলে তার পরিনতি হবে ঝালকাঠীর দুই সহকারী জজের মতো।

চিঠি পাওয়ার পর এম আলী আহম্মেদ তাৎক্ষণিকভাবে জেলা ও দায়রা জজ মতিউর রহমানকে জানান। তিনি টেলিফোনে কোতয়ালী থানায় বিষয়টি জানালে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

একই ধরনের হুমকি দেওয়া হয়েছে ময়মনসিংহের জেলাও দায়রা জজ আনিসুজ্জামানকে। প্রতিনিধি জানান, চাকরি ছেড়ে চলে না গেলে তাকে হত্যা করা হবে এমন হুমকি সম্বলিত চিঠিটি মঙ্গলবার তার দফতরে পৌঁছে। চিঠির লেখক নিজের পরিচয়ের স্থানে লিখেছে ‘জে ফু”

চিঠিতে বলা হয়, চাকরি ছেড়ে চলে যাও, নয়তো ছুটির পরে প্রথম দিনেই তোমাকে হত্যা করা হবে।