২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই জঙ্গি হুমকি মোকাবেলার উপায় খুঁজছে চট্টগ্রামের পুলিশ

প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই জঙ্গি মৌলবাদীদের হুমকি মোকাবেলার উপায় খুঁজছে চট্টগ্রামের পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানিয়েছে, একের পর এক জঙ্গি হুমকি মোকাবেলা ও চট্টগ্রাম মহানগরীকে রক্ষা করতে হলে কমপক্ষে ৫২টি স্থানে ক্লোজ সার্কিট টিভি ক্যামরা স্থাপন, ৭২টি মেটাল ডিটেক্টর ও অর্ধশতাধিক যানবাহন প্রয়োজন। কিন্তু এর বিপরীতে সিএমপিতে ১২টি মেটাল ডিটেক্টর ছাড়া আর কিছুই নেই।

সিএমপি কমিশনার মাজেদ্লু হক বিডিনিউজকে জানিয়েছেন, টেলিফোনে জঙ্গিরা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে অথচ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে যে সব সরঞ্জাম প্রয়োজন, তা আমাদের হাতে নেই।

এই অবস্থায় মহানগরীর ব্যাপক জনসমাগমের স্থানগুলোর নিরাপত্তা নিয়ে আমরা বিভিন্ন কৌশল পর্যালোচনা করছি।

পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে জঙ্গিরা চট্টগ্রামের কোর্ট বিল্ডিং, রেল স্টেশন উড়িয়ে দেওয়াসহ কমপক্ষে এক ডজন হামলার হুমকি দিয়েছে।

পুলিশ কমিশনার বলেছেন, টেলিফোনে দেওয়া হুমকিগুলোকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

কিন্তু প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাব সত্ত্বেও এসব হুমকি মোকাবেলার উপায় বের করার চেষ্টা চলছে।

সিএমপি সূত্র আরো জানায়, গত একবছর আগে মহানগরীর নিরাপত্তার জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছিলো। এখন পর্যন্ত এসব যন্ত্রপাতির কিছুই সিএমপিকে দেওয়া হয়নি।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট ও ৩ অক্টোবরের বোমা হামলার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, চট্টগ্রামে জেএমবির হামলার ব্যাপক পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রামের জেএমবি নেটওয়ার্ক সম্পর্কে সমন্বিত তথ্য না থাকায় সম্ভাব্য হামলা মোকাবেলার সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ করা যাচ্ছেনা বলেও সূত্র উল্লেখ করেছে।