২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ মাস আগে নিহত সন্ত্রাসীর লাশ ও এসএমজিসহ ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রায় পাঁচ মাস আগে অন্তর্দ্বন্দ্বে নিহত এক সন্ত্রাসীর লাশ পুলিশ রোববার বিকেলে ফয়’স লেকের উল্টো দিকের পাহাড় থেকে উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

কোতয়ালী পুলিশ শনিবার নুরুল আলম ও হুমায়ুন কবির নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী এ লাশ এবং একটি এসএমজিসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

কোতয়ালী থানা পুলিশ জানায়, বায়েজীদ থানা এলাকার শেরশাহ কলোনী থেকে নুরুল আলম ও হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয় শনিবার।

এ দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী প্রথমে রোববার সকালে পাহাড়তলী থানাধীন ঝাউতলা এলাকার সন্ত্রাসী রনির বাসা থেকে একটি এসএমজি, বন্দুক, এলজি, দু’টি ম্যাগজিন ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরে বিকেলে তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাংবাদিকদের কাছে নুরুল আলম ও হুমায়ুন কবির স্বীকার করেছে, লাশটি তাদের বন্ধু বিপ্লব নামে অপর এক সন্ত্রাসীর। নিজদের মধ্যে লুন্ঠিত মালামালের ভাগাভাগি নিয়ে বিপ্লবকে খুন করে ফয়’স লেকের বিপরীতে পাহাড়ে পুঁতে রাখা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দীন বিডিনিউজকে বলেছেন, গ্রেপ্তারকৃত নুরুল আলম ও হুমায়ুন কবির অস্ত্র ব্যবসায়ী এবং পেশাদার ছিনতাইকারী।

তাদের অস্ত্রের রক্ষক রনি পলাতক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।