২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরুজ্জীবিত হচ্ছে খুলনা ক্যাবল ইণ্ডাস্ট্রি

বিভিন্ন সমস্যা এবং অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারি নিয়োগের কারণে যখন দেশের শিল্প--কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তখন খুলনা ক্যাবল ইন্ডাস্ট্রি নতুন করে পুনরুজ্জীবিত হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 08:36 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

গত এক বছরে এ প্রতিষ্ঠানে তিন গুণ উৎপাদন বেড়েছে এবং লাভ হয়েছে ছয় কোটি টাকা।

এছাড়া কর্মচারি ও শ্রমিকরা উৎসাহ বোনাস পেয়েছে পাঁচটি এবং মাসিক প্রিমিয়াম পাচ্ছেন। এখানকার কর্মকর্তা--কর্মচারি ও শ্রমিকরা বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ফ্যাক্টরির চেহারা বদলে ফেলেছেন। ক্যাবল ফ্যাক্টরির কর্মকর্তা--কর্মচারিদের উপস্থিতি,কাজের শৃঙ্খলা এবং পরিবেশ উল্লেখ করার মত।  বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের নামের এ শিল্প প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিএ্যাণ্ডটি) তারের চাহিদা পূরণ করে। ১৯৬৭ সালে এ ফ্যাক্টরির ভিত্তি স্থাপিত হয়। ১৯৭৩ সাল থেকে বানিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। শুরু থেকেই অবশ্য ফ্যাক্টরিটি লাভজনকভাবেই চলছে।

কিন্তু প্রশাসনিক জটিলতা, শ্রমিকদের বিভিন্ন সমস্যা এবং যন্ত্রাংশ পুরাতন হওয়ার কারণে উৎপাদনের পরিমাণ কমে গিয়ে লোকসানের আশংকা দেখা দেয়। কিন্তু ২০০৩ সালের প্রথম দিকে ফ্যাক্টরির এ পরিচিত দৃশ্য পাল্টাতে শুরু করে।

এসময় দায়িত্ব নেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শরফুদ্দীন আহমেদ।

তিনি ফ্যাক্টরির যাবতীয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

ওই সময়ে পুরাতন মেশিনগুলোর ত্র“টি চিহ্নিত ও যন্ত্রাংশ পরিবর্তন করে নতুন একটি ইউনিট স্থাপন করা হয়। ইতালি থেকে আধুনিক মেশিন এনে ইউনিটটি বাড়ানো হয়। মেশিনটি স্থাপনের পর উৎপাদন সঠিকভাবে হচ্ছিল না। কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে সেখানে ডিমিনারালাইজড ওয়াটার সরবরাহ করায় উৎপাদন স্বাভাবিক হয়েছে।

এছাড়া মেশিনগুলোকে শতকরা ১০০ ভাগ কর্মক্ষম করতে এয়ার কমপ্রেসার পরিবর্তন, মরিচা ধরা পুরাতন কুলিং ট্রাফগুলো ঠিক করা হয়েছে।

এছাড়া ইলেক্ট্রনিক রেজিষ্ট্রেশন পদ্ধতি চালু করে শ্রমিক--কর্মচারিদের উপস্থিতি নিশ্চিত করা হয়। প্রশাসনেও ব্যাপক পরিবর্তন আনা হয়।

জানা যায়, ১৯৭৩ সালে ক্যাবল ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন লক্ষ্য ছিল তিন লাখ সিকেএম (কিউবিক কি.মি)। ১৯৯০ সালে হয় চার লাখ সিকেএম। ২০০৩ সালে তা হয়েছে ১২ লাখ সিকেএম। ৭/৮ জনকে চাকুরিচ্যুত করা ও অবসর দেওয়ার পর ফ্যাক্টরির কর্মকর্তা ও স্থায়ী শ্রমিকের সংখ্যা এখন ৩২২ জন।