২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতাসীন এমপির জমি দখলে সহায়তার অভিযোগ করলেন বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার

সরকার দলীয় এক এমপির জমি দখলে র‌্যাব--এর একজন শীর্ষ কর্মকর্তা সহযোগিতা করছেন বলে অভিযোগ করেছেন বিমান বাহিনীর একজন সাবেক স্কোয়াড্রন লিডার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

নেত্রকোনা থেকে নির্বাচিত সংসদ সদস্য খাদিজা আমীন এবং বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার হাফিজ মাসুদ আক্তার খানের জমিজমা সংক্রান্ত বিরোধে সরকারদলীয় এমপি’র পক্ষে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে র‌্যাব--এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মাসুক হাসানের বিরুদ্ধে।

এ ঘটনায় কমান্ডার মাসুকের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আক্তার প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, র‌্যাব হেডকোয়ার্টার এবং আর্মড ফোর্সেস ডিভিশনে অভিযোগ দায়ের করেছেন।

এদিকে কমান্ডার মাসুক এবং খাদিজা আমিনের এক ছেলে এ অভিযোগ অস্বীকার করেছে।

স্কোয়াড্রন লিডার আক্তার লিখিত অভিযোগে বলেন-- বিমান বাহিনী থেকে অবসরের পর আমার ব্যবসায়িক কাজের অংশ হিসেবে আমি এবং আমার কয়েকজন বন্ধু গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এলাকায় ২২ বিঘা জমি কিনি। সেই জমি দেখাশোনার জন্যে একজন কেয়ারটেকারও নিযুক্ত করি।

কিন্তু ওই জমি ক্রয় করার পর চলতি বছরের শুরু থেকেই খাদিজা আমিন এমপি, তার দুই ছেলে ফারহান আমিন এবং বোরহান আমিন ও তাদের সাঙ্গপাঙ্গরা আমাদের জমি দখলের পাঁয়তারা শুরু করে। তারা আমার কাছ থেকে চাঁদাও দাবি করে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা ওই এমপি’র মদদে আমার জমি দখলের চেষ্টা শুরু করায় আমি আদালতে মামলা করি। আদালত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা (ইনজাংশন) জারি করে। কিন্তু পরবর্তীতে এমপি পুত্রদ্বয় এবং তাদের সাঙ্গপাঙ্গরা আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে।

স্কোয়াড্রন লিডার আক্তার জানান, ১১ নভেম্বর তিনি, তার বন্ধু জামাল হায়দার এবং তাদের ম্যানেজার সিকান্দার মাওনায় জমি তদারকির জন্যে গিয়ে দেখতে পান, খাদিজা আমিনের দুই পুত্র ফারহান এবং বোরহান ও তাদের স্থানীয় সহযোগী সিরাজ উদ্দিন কাইয়া, মোহাম্মদ আলী, আবদুস সাত্তার মেম্বার এবং ফারুক আহমেদসহ অজ্ঞাত কয়েকজন ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করছে। তিনি এ ব্যাপারে তাদের সাথে কথা বলতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আক্রমণ করে।

তিনি বলেন, বাদানুবাদের এক পর্যায়ে খাদিজা আমিন এমপি’র দুই পুত্র ফারহান এবং বোরহান আমাকে বলে, কমান্ডার মাসুককে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, আমি (আক্তার) যদি মাওনায় যাই, তাহলে আমাকে যেন বেঁধে রাখা হয়। সন্ত্রাসীরা আরও বলে, কমান্ডার মাসুক নাকি তাদের এই বলে আশ্বস্ত করেছে, জমি সংক্রান্ত বিরোধে তারা (এমপি পুত্রদ্বয়) যেকোনও ধরনের ব্যবস্থা নিতে পারে।

কমান্ডার মাসুক তার পদবী সম্পর্কেও ভুল তথ্য দিয়েছিলো বলে স্কোয়াড্রন লিডার আক্তার অভিযোগ করেন।

আক্তার বলেন, গত ৫ নভেম্বর কমান্ডার মাসুক আমাকে ফোন করেন। তিনি প্রথমে নিজেকে কমোডর হিসেবে পরিচয় দেন। এক পর্যায়ে আমার পরিচয় পাওয়ার পর মাসুক নিজের সঠিক পরিচয় দেন।

তিনি বলেন, পরে আমি ওই এমপি পরিবারের সাথে মাসুকের যোগাযোগের বিষয়টি জানতে পারি। আমি এই ভেবে আশ্চর্য হই, কীভাবে র‌্যাব--এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জমিজমা সংক্রান্ত বিরোধে একজন এমপি’র পক্ষে নিজেকে জড়াতে এবং একজন শান্তিপ্রিয় সাবেক বিমানবাহিনী কর্মকর্তাকে বেঁধে রাখা এবং গুলি করার আদেশ দেন।

টেলিফোনে যোগাযোগ করা হলে নৌবাহিনী থেকে ডেপুটেশনে র‌্যাব--এ আসা কমান্ডার মাসুক এ অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, স্কোয়াড্রন লিডার আক্তার একজন প্রতারক। তার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।

সাংসদ খাদিজা আমীনের পুত্র ফারহান আমিনের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনিও জমি দখলের অভিযোগ অস্বীকার করেন। অবশ্য তিনি কমান্ডার মাসুকের সাথে তাদের পারিবারিক সম্পর্কের কথা স্বীকার করেন।

ফারহান বলেন, কমান্ডার মাসুক আমাদের দূর সম্পর্কের আত্মীয়। আমার মা নেত্রকোনা থেকে নির্বাচিত সংসদ সদস্য। কমান্ডার মাসুকের গ্রামের বাড়িও নেত্রকোনায়।

ফারহান আরও বলেন, কমান্ডার মাসুক আমাদের জমি সংক্রান্ত বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।