নারায়ণগঞ্জে র্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার জালাকান্দি এলাকায় র্যাবের ক্রসফায়ারে বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে কথিত এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম ড্যানিয়েল (৪০)।
র্যাব জানায়, র্যাব-৩ এর একটি দল ড্যানিয়েলকে বুধবার বিকালে আড়াইহাজার থানার জোগারদিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।
ড্যানিয়েল র্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্রভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব তাকে সাথে নিয়ে জালাকান্দি এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় ড্যানিয়েল র্যাবের হেফাযত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র্যাব ঘটনাস্থল থেকে পাঁচ রাউণ্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি চাপাতি এবং একটি ছোড়া উদ্ধার করেছে।
ড্যানিয়েলের বিরুদ্ধে হত্যা এবং ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে।
