সীমিত আয়ের মানুষের জন্যে ১ লাখ ফ্ল্যাট নির্মাণে মালয়েশীয় প্রস্তাব বিবেচনা করছে সরকার
নগরীতে সীমিত আয়ের মানুষদের জন্যে এক লাখ ফ্ল্যাট নির্মাণ সংক্রান্ত একটি মালয়েশীয় বেসরকারি সংস্থার প্রস্তাব সরকার বিবেচনা করছে।
সংসদে বুধবার জামাতের এমপি দেলোয়ার হোসেন সাঈদীর এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস এ কথা জানান।
মন্ত্রী আরও বলেন, সরকার সীমিত আয়ের মানুষের জন্যে টঙ্গীর দত্তপাড়ায় বিভিন্ন আকারের পাঁচ হাজার ও মিরপুরে ৬০০ ফ্ল্যাট নির্মাণের চিন্তাভাবনা করছে।
ক্ষমতাসীন বিএনপির অপর এমপি মেজর (অব.) মঞ্জুর কাদেরের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, রাজধানীর আবাসন সংকট নিরসনে সরকার বহুতল ভবন নির্মাণের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।
মীর্জা আব্বাস বলেন, নগরীতে জনসংখ্যা বৃদ্ধি, জমির অভাব ও ভয়াবহ ট্রাফিক জ্যামের কারণে সরকার রাজধানীকে সম্প্রসারণের চিন্তাভাবনা করছে।
