বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেলেন পোপ বেনেডিক্ট
খ্রিস্টান ও অন্যান্য ধর্মের লোকজন এক সঙ্গে কাজ করায় পোপ ষোড়শ বেনেডিক্ট বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন।
রোম থেকে পাওয়া এক বার্তায় জানা যায়, বালাদেশের মানুষের জন্যে পোপ সবসময় প্রার্থনা করেন। ভ্যাটিক্যান সিটিতে ব্যক্তিগত লাইব্রেরিতে পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান পোপের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
এসময় মোরশেদ খান পোপকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
মোরশেদ খান বলেন, সরকার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় চর্চা ও অন্যান্য মানবাধিকারের পূর্ণ স্বাধীনতার দিতে সাংবিধানিক দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে। ফলে বাংলাদেশে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, বিশ্বে আজ সহিষ্ণুতা ও পারস্পারিক সমঝোতার অভাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে পোপ বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পারিক সমঝোতা সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।
পরে পররাষ্ট্র মন্ত্রী হলি সি’র সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল স্যান্ডোর সঙ্গে বৈঠক করেন। স্যান্ডোও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেন। সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে স্যান্ডো ফিলিস্তিন সমস্যার দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
