জেলা পর্যায়ের বিচারকদের সার্বক্ষণিক নিরাপত্তা: বঞ্চিত হচ্ছেন জুনিয়ররা
অবশেষে বুধবার থেকে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের ১১ জন বিচারক সার্বক্ষণিক নিরাপত্তা সুবিধা পেতে যাচ্ছেন।
বুধবার আদালত ভবনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তাদের সাথে বিচারকদের বৈঠকে নিরাপত্তা দেওয়ার এ সিদ্ধান্ত নেয়া হলেও পুলিশ ফোর্সের সংকটের কারণে জেলা পর্যায়ের জুনিয়র বিচারকদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা আপাতত করা হচ্ছেনা বলে বৈঠক সূত্র জানিয়েছে।
আজকের বৈঠকে আগের চার জনসহ মোট ১১ জন বিচারককে বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয় বলে সিএমপি ও আদালত সূত্র জানায়।
জেলা জজ পর্যায়ের চার জন বিচারককে সার্বক্ষণিক পুলিশ প্রহরাসহ একজন গানম্যান ইতোপূর্বেই দেওয়া হয়। আজ থেকে নতুন করে আরো সাত জনসহ মোট ১১ জন বিচারক বাসা ও কর্মস্থলে যাতায়াতে পুলিশ প্রহরা পাবেন।
জেলা দায়রা জজ আবদুর রহমান পাটোয়ারী, মহানগর হাকিম একেএম আনোয়ার হোসেন, জননিরাপত্তা আদালতের বিচারক মনিরা মাহফুজ, দ্রুত বিচার আদালতের হাকিম এম হাসান ইমাম আগে থেকেই নিরাপত্তা পেয়ে আসছিলেন।
সাতজন বিচারকের বাসায় চারজন সার্বক্ষণিক পুলিশ প্রহরাসহ তাদের যাতায়াত পথে নিরাপত্তার জন্যে দু’জন গানম্যান দেওয়ার সিদ্ধান্ত আজকের বৈঠকে নেয়া হয়।
নতুন করে যে সাত জন বিচারক নিরাপত্তা পাচ্ছেন, তারা হলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও তিন পার্বত্য জেলার দায়রা জজ, প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালতের বিচারক, বিভাগীয় বিশেষ জজ, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের জজ ১ও ২ এবং শ্রম আদালতের জজ ১ও ২।
দেশব্যাপী ১৭ আগস্ট, চট্টগ্রামসহ তিনটি জেলার আদালতে বিচারকসহ কোর্ট প্রাঙ্গণে ৩ অক্টোবর বোমা হামলা এবং সর্বশেষ ঝালকাঠিতে দুই বিচারকের হত্যার প্রেক্ষিতে বিচারকরা নিরাপত্তা জোরদারসহ বুলেট প্র“ফ জ্যাকেট দাবি করে আসছিলেন।
নিরাপত্তার দাবীতে মহানগর দায়রা জজ আইনমন্ত্রীকে চিঠি দেন। এর অনুলিপি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং চট্টগ্রামের পুলিশ কমিশনারকেও দেওয়া হয়।
সোমবার তিনি তার সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া না হলে পুলিশ কমিশনারের বিরুদ্ধে দেওয়ানী আইনে মামলা করার হুমকি দেন। পরে পুলিশ প্রশাসন বিচারকদের সাথে বৈঠক করে নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নেয়।
