সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
সিরাজগঞ্জে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এক সড়ক দুর্ঘটনায় একজন কলেজ শিক্ষক নিহত এবং অপর একজন শিক্ষক আহত হয়েছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ জানায়, বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকার একটি মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নলকা ফুলজোড় ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম হাসেম (৩৫) নিহত হয়। গুরুতর আহত হয় অপর মোটর সাইকেল আরোহী এবং নিহত হাসেমের সহকর্মী আবুল হাসেম তালুকদার।
এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা ক্লাস বর্জন করে প্রায় দেড় ঘন্টা ঢাকা--সিরাজগঞ্জ রোড অবরোধ করে রাখে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ প্রাইভেটকারসহ চালককে আটক করেছে।
নিহত আমিনুল ইসলামের বাড়ি শহরের কালিবাড়ী রোডে।
