শায়খ আবদুর রহমানকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত বাড়ির মালিক নুরজাহান ২ দিনের রিমান্ডে
জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত খিলগাঁওয়ের বনশ্রী আবাসিক এলাকার ফ্ল্যাট বাড়ির মালিক নুরজাহানকে (৫০) দুইদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
খিলগাঁও থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম সারওয়ার স্বাক্ষরিত এবং আদালতে দায়ের করা এক পুলিশ প্রতিবেদনে বলা হয়, বনশ্রী প্রকল্পের ১৬৪/এ নম্বর ফ্ল্যাটে নুর মুহাম্মদ দেওয়ানের স্ত্রী নুরজাহান বেগমের বাসায় চলতি বছরের ১৬ আগস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত শায়খ আবদুর রহমানের জামাতা আউয়াল ওরফে আদিল ভাড়াটে হিসেবে অবস্থান করে। জঙ্গিদের ধরিয়ে দেওয়ায় পুরস্কার ঘোষণার পর নুরজাহান বিষয়টি জেনে শুনেও তাদের পুলিশের হাতে না দিয়ে আশ্রয় দেয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্যে সাতদিনের রিমান্ড প্রয়োজন।
আসামির উপস্থিতিতে শুনানি হয়। এসময় তার পক্ষে কেউ জামিনের আবেদন করেননি। শুনানি শেষে মহানগর হাকিম শফিক আনোয়ার অভিযুক্ত নুরজাহান বেগমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি বয়স্ক ব্যক্তি হওয়ায় সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করা এবং জিজ্ঞাসাবাদ চলাকালে মহিলা পুলিশ উপস্থিত রাখারও নির্দেশ দেয় আদালত।
