আট ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে বিভিন্ন স্থানের রেল যোগাযোগ শুরু
আট ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের রেল যোগাযোগ দুপুর থেকে আবার স্বাভাবিক হয়েছে।
নরসিংদী জেলার আমিরগঞ্জ স্টেশনের সামান্য দূরে রোববার সকাল ৭টার দিকে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ের পূর্বাঞ্চলীয় কন্ট্রোলরুম সূত্র জানায়, তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদীর আমিরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে সিগন্যাল পয়েন্টের কাছে আসার পর ইঞ্জিনের একটি পার্টস ভেঙে রেল লাইনের পয়েন্টের মধ্যে পড়লে পাওয়ার কারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
ট্রেনের চালক বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেন।
এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ২০/২৫ জন যাত্রী আহত হয়।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল, কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর, সিলেটগামী আন্তঃনগর পারাবত, চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা মেইল, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
