দুই বছরেও পুলিশ বাঁশখালী গণহত্যার চার্জশিট দিতে পারেনি
চট্টগ্রামের বাঁশখালীতে ২০০৩ সালের ১৯ নভেম্বর সংঘটিত গণহত্যার দুই বৎসর অতিক্রান্ত হলেও পুলিশ এখন পর্যন্ত এর চার্জশিট দাখিল করতে পারেনি।
এ ঘটনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রাদায়ের একই পরিবারের ১১ জন জীবন্তদগ্ধ হয়ে মারা যায়।
বিভিন্ন সংস্থার তদন্তে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এটিকে শুধু ডাকাতি হিসেবে উল্লেখ করায় এ নৃশংস ঘটনার মূল কারণ খুঁজে বের করা সম্ভব হয়নি।
শুক্রবার ১১ খুনের দুই বৎসর পূর্ণ হচ্ছে।
ক্ষমতাসীন দলের চাপ ও প্রধান আসামি বাঁশখালী বিএনপির শীর্ষনেতা এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই হওয়ায় প্রশাসন ঘটনার আসল কারণ উদঘাটনে উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা কোনও ধরনের চাপের কথা অস্বীকার করেছেন।
২০০৩ সালের ১৯ নভেম্বর রাতে চট্টগ্রাম শহর থেকে ২৫কিলোমিটার দূরে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় সশস্ত্র ডাকাতরা একটি মাটির তৈরি দোতলা বাড়িতে আগুন ধরিয়ে দিলে একই পরিবারের সদ্যজাত শিশু ও সাতজন মহিলাসহ ১১ জন জীবন্তদগ্ধ হয়ে নিহত হয়।
ঘটনার পরপরই তরিঘড়ি করে বাঁশখালী থানা পুলিশ অগ্নিসংযোগ ও খুনসহ একটি ডাকাতি মামলা দায়ের করে।
প্রধান বিরোধীদল আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ তদন্তের দায়িত্ব সিআইডির কাছে হস্তান্তরের দাবি করেছিল।
বাঁশখালী গণহত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে খুনীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া সার্কেলের এএসপি ক্লারেন্স গোমেজ বিডিনিউজকে বলেছেন, ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখিত বেশ কয়েকজন আসামিসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিলো।
তবে প্রধান আসামিসহ ঘটনায় জড়িত বেশ কয়েকজন এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল মামলাটির চার্জশিট প্রদানের জন্যে তদন্ত কর্মকর্তাকে একাধিকবার নির্দেশ দেয়। সর্বশেষ ১৮সেপ্টেম্বর মনিটরিং সেলের বৈঠকে চার্জশিটের জন্যে একমাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়সীমার একমাসের বেশি অতিক্রান্ত হলেও চার্জশিট দেওয়া সম্ভব হয়নি।
তবে ৩১ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। ২০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের বৈঠকে অনুমোদনের পর চার্জশিট প্রদানের তারিখ নির্ধারণ করা হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া সার্কেলের এএসপি ক্লারেন্স গোমেজ বিডিনিউজকে জানান।
দুই বৎসর তদন্তের পর তদন্তকারী সংস্থা ঘটনাটিকে একটি ডাকাতি হিসেবে চিহ্নিত করেছে এবং গানপাউডার দিয়ে অগ্নিসংযোগের কোনও প্রমাণ খুঁজে পায়নি বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে।
তবে প্রাথমিক ধারণা অনুযায়ী গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং মুহূর্তের মধ্যে আগুন সমগ্র দোতালা বাড়িতে ছড়িয়ে পড়ে, যাতে ১১ জন মানুষ আটকা পড়ে জীবন্তদগ্ধ হয়।
আদালতে মামলার ‘মেমো অব এভিডেন্স’ (এমও) দাখিল করা হলেও চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর তদন্ত অসম্পূর্ণ থাকায় তা প্রত্যাখ্যান করেছিলেন।
এ ঘটনায় তেজেন্দ্র শীল (৭০), তার স্ত্রী বকুল বালা (৬০), তাদের পুত্র অনীল কান্তি(৪২), পুত্রবধূ স্মৃতি রাণী (৩০), তিন নাতনী রুমী (১১), সোনিয়া (৭) এবং চারদিন বয়সী কার্তিক নিহত হয়।
এ ছাড়া নির্মম ওই ঘটনার শিকার হয় তেজেন্দ্র শীলের তিন প্রতিবেশী রেবুতি (২৫), প্রসাদি(১৭) এবং অনি (১৫)। ঘটনার আগের দিন বেড়াতে আসা তেজেন্দ্র শীলের আত্মীয় দেবেন্দ্র শীল (৭৫)।
তেজেন্দ্র শীলের এক ছেলে বিমল শীল দোতলার জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে এসে গণহত্যা থেকে রক্ষা পেতে গিয়ে পা ভেঙে ফেলে।
