খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর ও কক্সবাজারে র্যাব ও পুলিশের ক্রসফায়ারে ৫ জন নিহত
খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর ও কক্সবাজারে বুধবার ভোরে র্যাব ও পুলিশের পৃথক ক্রসফায়ারে পাঁচজন নিহত হয়েছে।
এদের মধ্যে খুলনায় র্যাবের ক্রসফায়ারে যুবলীগের প্রচার সম্পাদকসহ দু’জন, কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা, ফরিদপুরে র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী এবং কক্সবাজারে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত হয়।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানায়, খুলনার রূপসা থানাধীন আলাইপুরে বুধবার ভোরে র্যাবের ক্রসফায়ারে খুলনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক বাবুল মজুমদার ও এনামুল হক বাবু নামে দু’জন নিহত হয়েছে।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার সকালে খুলনা শহর থেকে জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল, প্রচার সম্পাদক বাবুল মজুমদার ও এনামুল হক বাবুকে একটি এম ১৬ রাইফেলসহ আটক করে।
র্যাবের জ্ঞিাসাবাদে বাবুল ও এনামুল তাদের সহযোগী এবং অস্ত্রভাণ্ডার সম্পর্কে তথ্য দেয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা ভোর ৪টার দিকে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্যে রূপসা থানার আলাইপুর ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবের ওপর গুলি চালায় র্যাব পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে বাবুল ও এনামুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দু’টি দেশি বন্দুক, একটি পাইপগান, ১১ রাউন্ড শটগানের গুলি ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল এখনও র্যাব হেফাজতে রয়েছে।
এদিকে জামালের মুক্তির দাবিতে খুলনা যুবলীগ বুধবার নগরীতে অর্ধ দিবস হরতাল কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম স্লুইস গেটের কাছে বুধবার ভোরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের একজন আঞ্চলিক নেতা মগরেব (৩২) নিহত হয়। সে গণমুক্তি ফৌজের টিক্কা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে তার নিজ বাড়ি গোপগ্রাম থেকে মগরেবকে আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্রভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বুধবার ভোরে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্যে বের হয়। ভোর ৩টার দিকে পুলিশ গোপগ্রাম স্লুইস গেটের কাছে পৌঁছালে সেখানে অবস্থানরত তার সহযোগী চরমপন্থী ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
পুলিশ জানায়, প্রায় পৌনে এক ঘন্টার বন্দুকযুদ্ধের সময় পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে ক্রসফায়ারে বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
মগরেব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে খোকসা থানায় দু’টি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, র্যাব-৮ এর ক্রসফায়ারে বুধবার শহরের অম্বিকাপুর রেলস্টেশনের কাছে সন্ত্রাসী শেখ সেলিম ওরফে ল্যাংড়া সেলিম (৩০) নিহত হয়েছে।
র্যাব সূত্র জানায়, ঢাকার শান্তিনগর এলাকা থেকে সোমবার র্যাব-৮ এর সদস্যরা পাকিস্তান ও জার্মানির তৈরি তিনটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ সেলিমকে গ্রেপ্তার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে সেলিম তার কাছে রাখা অস্ত্র ও সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা তাকে নিয়ে অভিযানে বের হয়। ভোর ৪টার দিকে অম্বিকাপুর রেল স্টেশনের কাছে পৌঁছালে সেলিমের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে র্যাবের ওপর গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ে এক পর্যায়ে সেলিম ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয়। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পাকিস্তানি রিভলবার, রিভলবারের দুই রাউন্ড গুলি, একটি এলজি, চার রাউন্ড এলজির গুলি, একটি পাইপগান ও একটি রাম দা উদ্ধার করে।
র্যাব আরও জানায়, নিহত সেলিমের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর র্যাব-৮ এর ক্রসফায়ারে সেলিমের চাচাত ভাই উজ্জ্বল নিহত হয়। এ নিয়ে ফরিদপুরে তিনজন ক্রফায়ারে নিহত হল।
বিডিনিউজ কক্সবাজার প্রতিনিধি জানান, শহরের ঈদগাঁও এলাকার ভাদিতলার গহীন অরণ্যে বুধবার ভোরে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত হয়েছে। এ ঘটনায় আরেক ডাকাত আহত হয়।
নিহত ডাকাত সর্দারের নাম আবুল কালাম প্রকাশ কালাইম্যা।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে ঈদগাঁও ঈদগড় সড়কের হিমছড়ি এলাকায় ডাকাতরা একটি মাইক্রোবাসের গতি রোধ করে যাত্রীদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। এর চার ঘন্টা পর পুলিশ দু’টি দেশি কাটা বন্দুক, দা, কিরিচ ও ডাকাতি করা মালামালসহ কালাইম্যাসহ আট ডাকাতকে আটক করে । অন্য সাত ডাকাত হল-নুরুল আমিন, শাহজাহান, আনছারুল করিম, মোজাম্মেল, নুরুল হক, এহসান ও দানু মিয়া।
পুলিশের জিজ্ঞাসাবাদে কালাম তার অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাকে নিয়ে রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধারে বের হয়। ভোর ৩টার দিকে ভাদিতলার গহীন অরণ্যে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কালামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এর এক পর্যায়ে কালাইম্যা ক্রসফায়ারে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তার অপর সহযোগী শাহাজাহান গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। শাহাজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
