ভারতের ২৪ পরগণায় গণপিটুনিতে নিহত ৫ বাংলাদেশীর লাশ ৪৪ দিন পর হস্তান্তর
ভারতীয় পুলিশ প্রায় দেড় মাস পর যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় গণপিটুনিতে নিহত পাঁচ বাংলাদেশীর লাশ বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় ভারতের পেট্রাপোল সীমান্তের বারাসাত থানার এসআই নন্দন মণ্ডল বন্দর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন। বন্দর থানার এসআই রবীন্দ্রনাথ সরকার লাশ গ্রহণ করেন।
এসময় বিডিআরের নায়েক সুবেদার আরিফ খান এবং ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বণগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রিয় উপস্থিত ছিলেন।
নিহতরা হচ্ছে: শার্শা থানার ঘিরা গ্রামের মিনহাজুল ইসলাম (৩৫), শফিকুল ইসলাম লতা (৩০), আকতারুল ইসলাম (২৮), জাহিদুল ইসলাম (৩০) ও বেলাল হোসেন (২৭)।
২ অক্টোবর উত্তর ২৪ পরগণার বারাসাত থানার বহেরা গ্রামের কিছু লোক ওই পাঁচ যুবককে আটক করে মোটর সাইকেল চোর হিসেবে গণপিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়। ৪৪ দিন পর তাদের লাশ বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলো।
