সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের গানম্যান দেওয়া হয়েছে
সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের সরকার মঙ্গলবার থেকে গানম্যান দিয়েছে। ঝালকাঠিতে সোমবার বোমা হামলায় দু’জন বিচারকের মৃত্যুর পর সরকার এ পদক্ষেপ নিলো।
আপিল বিভাগের পাঁচ ও হাইকোর্ট বিভাগের ৭১ জন বিচারক এবং সুপ্রীম কোর্টের রেজিস্ট্রারদের জন্যে মোট ৭৭ জন গানম্যান দেওয়া হয়েছে।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সর্বোচ্চ আদালতের বিচারকদের গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে।
এর আগে ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলা এবং অক্টোবরের তিনটি বেমা হামলার পর জেলা জজদের গানম্যান দেয়।
বিসিএস জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতৃবৃন্দ মঙ্গলবার সংগঠনের সভাপতি ও ঢাকার সেশন জজ রফিকুল ইসলামের নেতৃত্বে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের সাথে তার সুপ্রীম কোর্টের দপ্তরে বৈঠক করেন।
তারা প্রধান বিচারপতির কাছে দেশের সকল বিচারকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান।
বৈঠকের পর রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বিচারকদের নিরাপত্তা সমস্যা সমাধানের ব্যাপারে প্রধান বিচারপতি তাদের আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, আমরা সোমবার বৈঠক করে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে দেখা করে আমাদের জীবন হুমকির মুখে বলে জানানোর সিদ্ধান্ত নিয়েছি।
আমরা এ ব্যাপারে ইতোমধ্যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা আমাদের নিরাপত্তার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে দেখা করব।
এদিকে সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি সোমবার সুপ্রীম কোর্ট রেজিস্ট্রারের দপ্তরে একটি বৈঠক করেছে।
সুপ্রীম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লার সভাপতিত্বে বৈঠকে নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বিডিনিউজকে বলেন, গানম্যান, পুলিশ ও র্যাবসহ বর্তমান নিরাপত্তা যথেষ্ঠ নয়।
তিনি বলেন, আদালত এখন নিরাপদ নয়। সন্ত্রাসীদের নিয়ন্ত্রক ও গডফাদারদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। যদি তা না করা যায়, তাহলে সন্ত্রাস আরো বাড়বে।
এদিকে ঝালকাঠির বোমা হামলায় দু’জন সিনিয়র সহকারী জজ নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে।
