চট্টগ্রামের বিচারকদের নিরাপত্তার কোন পদক্ষেপ নেয়া হয়নি
ঝালকাঠীতে বিচারকদের উপর বোমা হামলার পরও পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়াতে চট্টগ্রামে বিচারকরা আবারও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সুত্র জানায, ৩০ জন বিচারকের মধ্যে মাত্র সিনিয়র চার জনের নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। যা বিচারকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
ঝালকাঠিতে বোমা হামলায় দুই সিনিয়র সহকারী জজ নিহত হওয়ার খবর শুনে চট্টগ্রাম মেট্্েরাপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাজেদুল হক সোমবার চট্টগ্রাম আদালত ভবনে ছুটে যান এবং বিচারকদের সাথে বৈঠক করেন।
সিএমপি কমিশনারের সাথে বৈঠকে বিচারকরা তাদের কর্মস্থল ও বাসভবনে পুলিশ প্রহরা ও কর্মস্থলে আসা যাওয়ার পথে পুলিশ স্কর্ট দেওয়ার দাবী জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিচারক অভিযোগ করেছেন সোমবার ঝালকাঠিতে বোমা হামলার পরও বিচারকদের নিরাপত্তায় নতুন করে পুলিশ নিয়োগ দেয়া হয়নি।
চট্টগ্রাম, লক্ষীপুর ও চাঁদপুরের আদালতে গত ৩ অক্টোবর বোমা হামলার প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার বিচারকদের নিরাপত্তা জোরদার করার আবেদন জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের বরাবরে চিঠি প্রেরণ করেন।
সিএমপির গোয়েন্দা বিভাগের একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে, বিচারকদের নতুন করে নিরাপত্তা জোরদারের কোন পদক্ষেপ নেয়া হয়নি। এই ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নতুন কোন নির্দেশনাও আসেনি।
এদিকে সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলনে দায়িত্ব পালনের জন্য আইন শৃংখলা বাহিনীর সাড়ে ১২শ’ সদস্য রাজধানীতে পাঠানোয় সিএমপি এখন সদস্য সংকটে ভুগছে।
এইসব সদস্যরা ফিরে না আসা পর্যন্ত বিচারকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যাবেনা বলে সিএমপির একজন উর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজকে জানিয়েছেন।
