২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের ৮ম সদস্য হতে যাচ্ছে আফগানিস্তান

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ৮ম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আফগানিস্তান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ত্রয়োদশ শীর্ষ সম্মেলনে সার্কের সদস্য দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধানরা সার্কের নতুন সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে আফগানিস্তানের অনুরোধকে স্বাগত জানান এবং সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সদস্য হওয়ার আহবান জানান। ত্রয়োদশ সার্ক সম্মেলনে গৃহীত ঢাকা ঘোষণার ৫৩ দফার মধ্যে ৪৯ নম্বর দফায় আফগানিস্তানকে সদস্য করার কথা বলা হয়।

১৯৮৫ সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভুটান, নেপাল, এবং মালদ্বীপ এ ৭ টি দেশ নিয়ে যাত্রা শুরু করে সার্ক।

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে রোববার আফগানিস্তানকে সদস্য করার পাশাপশি চীন এবং জাপানকে পর্যবেক্ষক সদস্যের মর্যাদা প্রদানের সিদ্ধান্তের কথাও ঘোষণা করা হয়।

ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তার ধন্যবাদ প্রস্তাবে বলেন, আমরা আফগাস্তিানকে সার্কের নতুন সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছি। তিনি বলেন, আফগানিস্তানের সংস্কৃতি এবং ঐতিহ্য সার্কের অন্য দেশগুলোর মতো, কাজেই এটা তাদের জন্যে একটা স্বীকৃতি।

২০০৭ সালের চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনকারী দেশ ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কাউন্সিল দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।