২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক অফিসে বোমা হামলার মামলা থেকে গালিবসহ ৮ আসামির অব্যাহতি

নওগাঁর পোরশা ব্র্যাক অফিসে বোমা হামলার মামলা থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমীর ড. আসাদুল্লাহ আল গালিব ও তার তিন সহযোগীসহ আট আসামিকে রোববার অব্যাহতি দেওয়া হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

মামলার তদন্তের চূড়ান্ত রিপোর্টের ওপর শুনানি শেষে নওগাঁর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ আব্দুল হাকিম মণ্ডল এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি পোরশা ব্র্যাক অফিসে বোমা হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিব এবং তার তিন সহযোগী আবদুস সামাদ সালাফী, নুরুল ইসলাম ও এসএম আজিজুল্লাহসহ আট জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমান না পাওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা পোরশা থানার এসআই পরিমল কুমার চক্রবর্তী আসামিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত রিপোর্ট পেশ করেন।

মামলার শুনানিতে সরকার পক্ষে অংশগ্রহণ করেন পিপি (পাবলিক প্রসিকিউটর) জয়নাল আবেদীন মিন্টু এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আবু বেলাল হোসেন।

পোরশা ব্র্যাক আফিসে বোমা হামলার মামলা থেকে অব্যাহিত পেলেও ড. গালিব ও তার তিন সহযোগী রানীনগর থানার চরমপন্থী ইদ্রিস আলী খেঁজুর হত্যা মামলার আসামি থাকছেন। তবে এ মামলায় থেকেও ড. গালিব ও তার তিন সহযোগী অব্যাহতি পেতে পারে বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।