সুনামি ও ভুমিকম্পে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলন কার্যক্রম শুরু করেন সার্ক নেতৃবৃন্দ
পাকিস্তান, ভারত, শ্রীলংকা ও মালদ্বীপে সাম্প্রতিক ভয়াবহ সুুনামি ও ভুমিকম্পে নিহতদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্ক নেতৃবৃন্দসহ সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়।
সাত জাতির শীর্ষ নেতারা এসময় নীরবে দাঁড়িয়ে তাদের শ্রদ্ধা জানান। তাদের সাথে মিলিত হন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপস্থিত সাত দেশের রাজনীতিকবৃন্দ, মন্ত্রীবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, উর্ধতন কর্মকর্তা,সাংবাদিকবৃন্দসহ সকলে।
প্রাকৃতিক দুর্যোগ-এর ওপর গুরুত্বারোপ করে সার্ক নেতৃবৃন্দ তাদের বক্তব্যেও সুনামি ও ভূমিকম্পের প্রসঙ্গ টানেন। তারা এ ধরনের দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতির জন্যে একটি সমন্বিত প্রচেষ্টার কথা বলেন। বাংলাদশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ প্রস্তুতির জন্যে অন্যান্য অঞ্চলের সাথে অনলাইন যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধুর সুর ঝংকারের মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। উপস্থিত অতিথিবৃন্দ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখান। চৌকস বাদক দল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ সঙ্গীতের মুর্ছনা তোলেন। এ এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করা হয়।
প্রথমেই বক্তব্য রাখেন সার্ক এর বিদায়ী চেয়ারপার্সন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ।
এরপর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বক্তব্যে তিনি বাংলাদেশে সার্কভুক্ত অন্যান্য নেতৃবৃন্দকে স্বাগত জানান। এবং একটি শান্তিপূর্ণ প্রগতিশীল দক্ষিণ এশিয়া গঠনে সার্ক এর ভুমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের পর ত্রয়োদশ সার্ক সম্মেলনের এজেণ্ডাসমূহ অনুমোদন করা হয় এবং প্রথমেই এজেন্ডা নং ৪ অনুযায় সার্ক অ্যাওয়ার্ড ২০০৪ প্রদান করা হয়। সার্কএর স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এ (মরনোত্তর) অ্যাওয়ার্ড দেয়া হয়। জিয়াউর রহমানের বড় ছেলে তারেক জিয়া সার্ক এর চেয়ারপার্সন হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অ্যাওয়ার্ড সাইটেশন পাঠ করেন সার্কের মহাসচিব লিয়নপো চেনকিয়াব দর্জি।
এর পরপরই এজেণ্ডা নং-৫ অনুযায়ী সার্কের নতুন চেয়ারপার্সন নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে চেয়ারপর্সন নির্বাচন করা হয়। এর আগে ১৯৮৫ এবং ১৯৯৩ সালে বাংলাদেশ এ গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা’র চেয়ারপার্সন নির্বাচিত হয়।
সম্মেলনের এ পর্যায়ে বেগম খালেদা জিয়া উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির আসনে অধিষ্ঠিত হন। প্রথমেই তিনি বাংলাদেশকে এ দায়িত্ব প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্বশীলতার সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এরপর একে একে বক্তব্য রাখেন ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার নেতৃবৃন্দ। তারা সকলেই সার্ক এর স্বপ্নদ্রষ্টা হিসেবে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
