সার্ক নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন
আসন্ন দু’দিনব্যাপী ত্রয়োদশ সার্ক সম্মেলন শুরুর আগে দক্ষিণ এশিয়ার দেশ সমূহের নেতৃবৃন্দ শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
সকালে নেতৃবৃন্দ সাভারের উদ্দে্েযশ রওয়ানা দেবেন এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল ৯টা ৩৫ মিনিটে সেখানে ১৫ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ সময় তাদের সঙ্গে থাকবেন।
পরে নেতৃবৃন্দ নগরীতে ফিরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন। এ সময়ে তারা পুষ্পস্তবক অর্পনের পাশাপাশি ফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন।
সকাল ১০টা ৪০ মিনিটে মাজারে শুরু হওয়া ২০ মিনিটের অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে সার্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শেরে বাংলা নগর যাবেন।
