প্রাক্তণ শিক্ষার্থী ও পাক প্রধানমন্ত্রীর পত্নী রোকসানা আজিজকে বরণ করতে প্রস্তুত হলিক্রস
বরেণ্য সতীর্থ পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের স্ত্রী রোকসানা আজিজকে বরণ করবে ঐতিহ্যবাহী হলিক্রস স্কুল।
স্কুলের প্রাক্তন ছাত্রী রোকসানা আজিজকে সম্বর্ধনা দিতে হলিক্রস এখন প্রস্তুত। প্রস্তুতির সব কিছুই এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সাবেক ছাত্রীকে বরণ করতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।
হলিক্রস কর্তৃপক্ষ শুক্রবার বিডিনিউজকে জানায়, শনিবার বিকাল সাড়ে ৪ টায় সম্বর্ধনা অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীকে স্কুল প্রাঙ্গণে ফুল দিয়ে বরণ করা হবে। উপহার হিসেবে তাকে দেওয়া হবে হলিক্রস স্কুলের ক্রেস্ট এবং ২০০১ সালের প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যার ম্যাগাজিন।
স্কুলের একজন সিনিয়র শিক্ষক জানান, ওই অনুষ্ঠানে স্কুলের দশম শ্রেণীর ছাত্রীরা দেশের গান ও নৃত্য পরিবেশন করবে। উপস্থিত থাকবেন স্কুলের অবসরপ্রাপ্ত দুজন শিক্ষিকা সালেহা আনোয়ার ও আঞ্জুমান আরা আহমেদ। তারা রোকসানা আজিজের সরাসরি শিক্ষিকা ছিলেন।
এছাড়াও মিসেস আজিজের সহপাঠি ও বর্তমানে স্কলাসটিকা স্কুলের উপাধ্যক্ষ খাদিজা আফজালও এ সময় উপস্থিত থাকবেন। পরে তাকে তার প্রিয় স্কুলটি ঘুরিয়ে দেখানো হবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বাবার চাকরির সুবাদে ১৯৬৭ সালে তিনি হলিক্রস স্কুলে লেখাপড়া করেন। এরপর তিনি পাকিস্তানে ফিরে যান। দীর্ঘদিন পরে আবারো ঢাকায় আসার সুযোগ হওয়ায় তিনি তার প্রিয় স্কুল, শিক্ষক ও সহপাঠিদের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। ছেলেবেলার স্কুল স্মৃতি এখনো ভুলতে পারেননি।
বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বও রাখা হয়েছে। এতে মিসেস আজিজ স্মৃতিচারণ করবেন।
