গণতন্ত্র প্রতিষ্ঠায় সার্ক নেতাদের একমত হতে এনজিও, সুশীল সমাজ নেতৃবৃন্দের আহ্বান
স্থানীয় বেসরকারি সংস্থাগুলোর একটি ফোরাম শুক্রবার দক্ষিণ এশিয়ার ১৪০ কোটি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্যে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর গরুত্বারোপ করেছে।
মৌলিক মানবাধিকার ভিত্তিক একটি দক্ষিণ এশীয় সমাজ প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করে ফোরামের নেতৃবৃন্দ সঠিক পন্থায় এ অঞ্চলের উন্নতির জন্যে বিভিন্ন গ্রুপের অংশগ্রহণের প্রয়োজনীতা তুলে ধরেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুশাসন নিয়ে কাজ করা স্থানীয় এনজিও ও সুশীল সমাজ সংস্থাগুলোর মিলিত সংগঠন সুশাসনের জন্য প্রচেষ্টা (সুপ্র) এ মতামত ব্যক্ত করে।
সুপ্র’র মিডিয়া সেলের সমন্বয়ক বরকত উল্লাহ মারুফ লিখিত বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ার গণদারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগকে বিশ্ব ভুলতে বসছে। তাই এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্যে তিনি সার্ক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
তিনি দক্ষিণ এশিয়া ও অন্যান্য উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষার জন্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতকে আপোসহীন নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আন্তর্জাতিক লগ্নিকারী প্রতিষ্ঠানসমূহের শর্তযুক্ত সহায়তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সার্ক নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিশ্বের ৪০ শতাংশ দরিদ্র মানুষের বসবাসের এলাকা দক্ষিণ এশিয়ায় ঐকমত্যের পরিবেশ দেখতে যায়।
সার্ক সদস্য রাষ্ট্রের মধ্যকার ব্যাপক বাণিজ্য ঘাটতির কথা তুলে ধরে সুপ্র’র প্রধান আমিনুর রসুল বাবুল বলেন, সার্কের দেশগুলোতে পরস্পরের মধ্যে বাণিজ্যের পরিমাণ মোট বাণিজ্যের ৪ দশমিক ৫ শতাংশেরও নিচে এবং পরস্পরের বিনিয়োগ মোট বৈদেশিক বিনিয়োগের ১ শতাংশেরও কম।
তিনি বলেন, আমরা গত এক দশকে পাকিস্তান ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্কের উন্নতি দেখেছি। গত দুই বছরে পাকিস্তানে ভারতের রপ্তানি রেড়েছে ৮৬ শতাংশ, যদিও ভারতে পাকিস্তানের রপ্তানি রেড়েছে মাত্র ১০ শতাংশ। তবে গত এক বছরে ভারতে বাংলাদেশের রপ্তানি ৩০ শতাংশ কমেছে।
তিনি এ অঞ্চলের জনগণের উন্নতির লক্ষ্যে অর্থনৈতিক সহযোগিতা স্থাপনের জন্যে পদক্ষেপ নিতে দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্র’র মহাসচিব রেজাউল করিম, যুগ্ম সচিব এইচএম বজলুর রহমান ও আবদুর রহমান।
