বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার শুরু হচ্ছে সার্ক সম্মেলন, সমাপনী আইসিসিতে
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন শুরু হবে।
ফটো সেশন এবং পবিত্র কোরান তেলাওয়াতের পর সার্কের বিদায়ী চেয়ারপার্সন,
পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ আনুষ্ঠানকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। এরপর সম্মেলনের এজেন্ডা উপস্থাপন করা হবে।
সার্কের নতুন চেয়ারপার্সন হিসাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসন গ্রহণ এবং স্বাগত ভাষনের আগে শওকত আজিজ ২০০৪ সালের সার্ক পুরস্কার ঘোষণা করবেন।
সার্কের স্বপ্নদ্রষ্টা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই পুরস্কার দেয়া হবে। তার বড় ছেলে তারেক রহমান বিদায়ী চেয়ারপার্সনের হাত থেকে পুরস্কার গ্রহন করবেন।
খালেদা জিয়া নতুন চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হওয়ার পর সার্ক নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য প্রদান করবেন।
বর্ণমালার ক্রমানুসারে প্রথমে বক্তব্য রাখবেন ভুটানের প্রধানমন্ত্রী লিয়েনপো সাঙ্গে গেদুপ। এরপর একে একে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইউম, নেপালের রাজা জ্ঞানেন্দ্র, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ এবং শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধনী সেশনের সমাপ্তি ঘোষণার আগে বক্তব্য দেবেন সার্কের মহাসচিব চোপগিভাল দর্জি। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি হবে দুই ঘন্টা ৪০ মিনিট।
একই দিন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া অতিথি সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করবেন।
পরদিন (রোববার) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভিভিআইপি অতিথিরা পুনরায় মিলিত হবেন এবং আশা করা হচ্ছে, সেখানে তাদের উপস্থিতিতে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে।
বিকেলে সার্ক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের সাথে সাক্ষাত করবেন।
সার্ক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এখানে ত্রয়োদশ সার্ক সম্মেলনের ঘোষণাপত্র অনুমোদন করা হবে। বিকেল চারটা থেকে শুরু হয়ে ঘন্টা ব্যাপি চলা এই সেশনে সভাপতিত্ব করবেন সার্কের নতুন চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সার্ক নেতৃবৃন্দ কাউন্সিল অব মিনিস্টার্সের ২৫ ও ২৬ তম সেশনের প্রতিবেদনও অনুমোদন করবেন।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ধন্যবাদ জ্ঞাপন করবেন।
আশা করা যাচ্ছে, সার্ক নেতৃবৃন্দ ১৪ নভেম্বর (সোমবার) রাজধানী ত্যাগ করবেন।
