সাফমা সাংবাদিকদের অবাধ চলাচল ও তাদের ভিসা বিধিমালা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে
সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (সাফমা) সার্ক নেতৃবৃন্দের কাছে সাংবাদিকদের অবাধ চলাচল ও দক্ষিণ এশিয়ার দেশসমূহে সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ভিসা বিধিমালা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার সাফমার চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ বলেন, সার্কভুক্ত দেশসমূহের বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে ভুল বোঝাবুঝির অবসানে তথ্য ঘাটতি দূর করতে হবে। ওই সমস্ত দেশসমূহে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা হলে দেশগুলোর মধ্যকার ভুল বোঝাবুঝি অবসানে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
‘জার্নালিস্ট বিয়ন্ড ফ্রন্টিয়ার্স’ শিরোনামে দু’দিনব্যাপী দ্বিতীয় সার্ক সাংবাদিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস অবাধ চলাচলে দক্ষিণ এশিয়ার দেশসমূহের সীমান্ত সবার জন্যে বিশেষ করে সংবাদিকদের জন্যে উন্মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
নগরীর হোটেল লেক শোরে সাফমা এই সম্মেলনের আয়োজন করে।
আসন্ন ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণার আগে সাফমা নেতৃবৃন্দ সার্কের পররাষ্ট্র মন্ত্রীদের কাছে এই আবেদন জানাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম বলেন, প্রকৃত সাংবাদিকদের পেশাগত সফরের জন্যে ভিসা বিধিমালা যতদূর সম্ভব সহজ করা হবে।
তিনি বলেন, সাংবাদিকদের অবাধ চলাচল ছাড়াও টেলিভিশন অনুষ্ঠান সূচিসহ সার্ক সদস্য দেশগুলোতে মিডিয়া পণ্যের অবাধ চলাচলের অনুমতি দেয়া উচিত।
মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবাদ ক্ষেত্র সম্পূর্ণ স্বাধীন। এখানে কোনও পূর্ব সেন্সরশীপ বা সরকারের পরোক্ষ বা প্রত্যক্ষ কোনও হস্তক্ষেপ নেই।
রিয়াজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাফমার মহাসচিব পাকিস্তানের ইমতিয়াজ আলম, সাফমার সাধারণ সম্পাদক বাংলাদেশের জাহিদুজ্জামান ফারুক, মঞ্জুরুল আহসান বুলবুল, পাকিস্তানের এম জিয়াউদ্দিন এবং নেপালের গোপাল খানাল বক্তব্য রাখেন।
এর আগে সাংবাদিকরা বিশিষ্ট সাংবাদিক এবং ‘নিউ এজ’ ও ‘হলিডে’ সম্পাদক এনায়েতুল্লাহ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।
