ই. আহমেদ সার্ক মন্ত্রী পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন
১১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য সার্কের মন্ত্রী পরিষেদের বৈঠকে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই. আহমেদ ভারতের প্রতিনিধিত্ব করবেন।
জাতিসংঘের ভোলকার কমিটি রিপোর্ট অনুযায়ী ইরাকের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি তে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ আনার পর ভারত সরকার পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিংকে প্রত্যাহার করে নেয়ায় তার স্থলে ই. আহমেদ বাংলাদেশ সফর করবেন।
সূত্র জানায়, ই আহমেদ এখন রাষ্ট্রিয় সফরে সুদান রয়েছেন। তাকে সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ সম্মেলনের আগে সার্কভুক্ত সাতটি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে সার্কের মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে নভেম্বরের ৯ ও ১০ তারিখে সদস্য দেশসমূহের পররাষ্ট্র সচিবদের নিয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
অন্যদিকে মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী প্রোগ্রামিং কমিটির বৈঠক শুরু হয়েছে।
