মৌলভিবাজারে ২ বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ
মৌলভিবাজার জেলার কুলাউড়ায় মঙ্গলবার দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের ১৮৬৩ নং পিলারের কাছে হরিপুর গ্রামের তৈয়বুর রহমান (৪৫) ও রুশন মিয়া (৩৫) মাছ ধরতে গেলে ভারতীয় বিএসএফ এদেরকে টিলাবাড়ি ক্যাম্পে ধরে নিয়ে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় বিএসএফ আটক দুই বাংলাদেশীকে পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তের ১৮৪৬ নম্বর পিলারের কাছে নিয়ে এসে হত্যা করার পর লাশ ভারতীয় এলাকায় নিয়ে যায়।
বাংলাদেশ রাইফেলস ২ ব্যাটেলিয়ন এর কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমামুল হুদা আলীনগর সীমান্তে দু’জনকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছেন এবং এ ব্যাপারে পতাকা বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।
