২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সরকার প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে নেপালের মানবাধিকার সংগঠনগুলো

রাজার অবৈধ ক্ষমতা দখলের প্রকাশ্য নিন্দা, নেপালে প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে মানবিক সমর্থনসহ সার্কের পক্ষ থেকে নির্দিষ্ট পদক্ষেপ নিতে নেপালের নেতৃস্থানীয় মানবাধিকার সংগঠনগুলো সার্ক সরকার প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নেপালের গণমাধ্যমের প্রতিবেদন থেকে মঙ্গলবার এ খবর জানা যায়। ডিফেন্ড হিউম্যান রাইট্স মুভমেন্ট-নেপাল’র (ডিএইচআরএম নেপাল) ব্যানারে নেপালের দুই ডজনেরও বেশি মানবাধিকার সংগঠন সার্কের বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে চিঠি লিখেছে। চিঠিতে গণতন্ত্রÍপন্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ও সাংবিধানিক সরকার ব্যবস্থায় ফিরতে নেপালের রাজ সরকারকে চাপ দিতে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইনের শাসনের প্রতি অসম্মান প্রদর্শন ও মানবাধিকার লংঘন করায় রাজকীয় সরকারের প্রতি অনাস্থা আনতে মানবাধিকার সংগঠনগুলো সার্ক সরকার প্রধানদের প্রতি আহ্বান জানান।

সার্কের চার্টার অনুযায়ী, কোন সদস্য রাষ্ট্র অন্য কোন সদস্য দেশের অভ্যন্তরীণ ইস্যু দ্বিপাক্ষিক আলোচনায় উত্থাপন বা হস্তক্ষেপ অথবা কোন মন্তব্য করতে পারে না।

দক্ষিণ এশিয়ার সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত সার্কের ত্রয়োদশ শীর্ষ সম্মেলন ১২ ও ১৩ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হবে।

মানবাধিকার সংগঠনগুলো কাঠমান্ডুতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জেম্স এফ মরিয়ার্তির ও অপর সাতজন মার্কিন কংগ্রেস সদস্যের প্রতিও একই ধরনের আহ্বান জানিয়েছেন।

চিঠিতে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ১ ফেব্রুয়ারিতে নেওয়া রাজকীয় সরকারের পদক্ষেপ ও পরবর্তীতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে নেপাল অস্থিতিশীল হয়ে পড়েছে এবং সেই সাথে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।

এতে বলা হয়েছে, রাজতন্ত্র কোনভাবেই সাধারন জনগণের প্রতিনিধিত্ব করে না কিংবা তাদের স্বার্থরক্ষা করে না। বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেই কেবল নেপালের জনগণ দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা খুঁজে পাবে।

রাজনৈতিক অস্থিতিশীলতা ও সশস্ত্র সহিংসতার অবসান, শাসন ক্ষমতা থেকে রাজতন্ত্রের প্রত্যাহার এবং রাজনৈতিক দল ও সিপিএন-মাওবাদীদের মধ্যে সংলাপ শুরু করতে মানবাধিকার সংগঠনগুলো দাবি জানিয়েছে।