৩৭ কোটি ৬০ লাখ মোবাইল গ্রাহক নিয়ে সবার উপরে চীন
চীনে বর্তমানে মোবাইল গ্রাহকের সংখ্যা ৩৭ কোটি ৬০ লাখ। গত সেপ্টেম্বরের শেষ নাগাদ পরিচালিত জরিপে মোবাইল গ্রাহকদের এই সংখ্যা জানা গেছে বলে বেইজিংয়ের গণমাধ্যমগুলোর রিপোর্টে জানানো হয়।
২০০৪ সালের শেষ নাগাদ প্রতি ১০০ জন চীনার মধ্যে মোবাইল গ্রাহক ছিলো ২৫ দশমিক ৭ জন। এই হার বিশ্বের অন্যান্য দেশের গড় অনুপাতের চেয়ে বেশি। চীনের মোবাইল টেলিকমিউনিকেশন টার্মিনাল ডেভেলপমেন্ট ফোরামের বরাত দিয়ে জিংহুয়া নিউজ এজেন্সি এই তথ্য জানায়।
জিংহুয়ার মতে, এই বছরের শেষ নাগাদ চীনে মোবাইল গ্রাহকের সংখ্যা হবে ৩৮০ মিলিয়ন যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে বেশি। আগামী ২০১০ সালের মধ্যে চীনে মোবাইল গ্রাহকের সংখ্যা ৬০ কোটিতে উত্তীর্ণ হবার সম্ভাবনা রয়েছে।
চীনে মোবাইল সেবা খাতে আয়ও দ্রুত বাড়ছে। গত বছরে শুধু মোবাইল সেবা খাতেই আয় ছিলো ২৫০ বিলিয়ন ইয়েন (৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার), যা প্রতি বছর ২০ শতাংশ হারে বাড়ছে। পাশাপাশি গতবছর মোবাইল বিক্রির পরিমান ছিলো ১০০ বিলিয়ন ইয়েন, যা বিগত বছরগুলোর তুলনায় ৩০ শতাংশ বেশি।
অভিজ্ঞদের মতে চীনে এখনো মোবাইল খাত উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে চীনের ছোট এবং মাঝারি ধরনের শহরগুলো ও প্রত্যন্ত অঞ্চলে নতুন নতুন মোবাইল গ্রাহক তৈরি করা সম্ভব।
