চট্টগ্রামে শক্তিশালী টাইম বোমা উদ্ধার
চট্টগ্রামের ডাবলমুরিং থানাধীন মাদারবাড়ি এলাকার একটি ড্রেন থেকে পুলিশ রোববার একটি শক্তিশালী টাইম বোমা উদ্ধার করেছে।
মাদারবাড়ি মোগলটুলি এক নং লেইনের ড্রেন পরিষ্কার করার সময় একজন সুইপার বোমাটি প্রথম দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুবুর রহমান চৌধুরী বিডিনিউজকে জানিয়েছেন, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১১টায় কালো টেপে মোড়ানো তার, তিনটি ব্যাটারি ও টাইমিং ডিভাইস সংযুক্ত বোমাটি উদ্ধার করে।
র্যাবের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল প্রাথমিক পরীক্ষার পর বলেছে, বোমাটি ১৭ আগস্ট অবিস্ফোরিত অবস্থায় উদ্ধারকৃত বোমাগুলোর চেয়ে কিছুটা ভিন্ন ধরনের এবং শক্তিশালী।
ব্যাটারিসহ বোমার অন্যান্য উপাদান বিদেশি এবং বিদেশি কোনও সন্ত্রাসী গ্রুপ এই বোমার সাথে জড়িত থাকতে পারে বলে র্যাবের একজন বিশেষজ্ঞ মন্তব্য করেছেন।
বিস্ফোরক বিশেষজ্ঞ দল বোমাটির বিস্ফোরণ ঘটানোর জন্যে এমএ আজিজ স্টেডিয়ামে নিয়ে গেছে।
