২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারিকরণ নিয়ে মন্ত্রণালয় ও কমিশন মুখোমুখি অবস্থানে

রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানগুলোর (এসওই) বেসরকারিকরণ নিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং প্রাইভেটাইজেশন কমিশন বিপরীতমুখি অবস্থান নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রোববার মন্ত্রীপরিষদ বিভাগে অর্থনীতি বিষয়ক মন্ত্রীপরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, আমি মনে করি সংশ্লিষ্ট মস্ত্রণালয় যথাযথভাবে একাজ সম্পন্ন করতে পারবে। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি।

বৈঠকে বেসরকারি খাতে ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থ্পানের পরিকল্পনার বিষয়টিও আলোচনা হয়। তবে এ ইস্যুতে পরে বিস্তারিত আলোচনা করা হবে।

বৈঠকে যোগাযোগ মন্ত্রীর অনুপস্থিতির কারণে আলোচ্যসূচিতে থাকলেও বাংলাদেশ রেলওয়ের দখলাধীন জমির মুল্য নির্ধারণে নীতিমালা প্রণয়ন প্রস্তাব নিয়ে আলোচনা হয় নি।

বৈঠক সূত্র জানায়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং প্রাইভেটাইজেশন কমিশন উভয়েই ৪২ টি রাষ্ট্রায়াত্ত বস্ত্র ও পাটকলের বেসরকারিকরণের দাবি জানিয়েছে। এরমধ্যে ২২ টি জুট মিল ও ২০ টি টেক্সটাইল মিল রয়েছে।

সরকারি কর্মকর্তা সূত্র জানায়, ২০০১ সালে বেসরকারিকরণ নীতিমালা গঠনের পর কমিশন এ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের ৬১ টি প্রতিষ্ঠান বেসরকারিকরণ করেছে।

বৈঠক সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ কমিশন বেসরকারিকরণ আইন ২০০০ অনুযায়ী মিলগুলোর বেসরকারিকরণ করতে চায়। অন্যদিকে মন্ত্রণালয় মিলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার সংরক্ষিত রাখার দাবি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন ঊর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, কমিশনকে সাইডলাইনে রেখে মন্ত্রণালয় কখনও মিলগুলোর বেসরকারিকরণ করতে পারে না। কেননা একাজের জন্যেই কমিশন গঠন করা হয়েছে।

পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় এই কাজের বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ নিয়ে অর্থমন্ত্রী বলেন, একাজের ব্যাপারে কমিশনের চেয়ে মন্ত্রণালয়কে বেশি নিষ্ঠাবান মনে হচ্ছে।

তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয় নি এবং এ ইস্যুতে ঈদের পর বিস্তারিত আলোচনা করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, পরবর্তীতে মন্ত্রীপরিষদ বিভাগ এসপিপি প্রস্তাব পর্যালোচনা করবে।

অর্থমন্ত্রীর ঊদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, সার্ক সম্মেলনের পর এ ব্যাপারে আলোচনা করা হবে।