২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ের তথ্য গোপনকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আয়কর প্রদানের ক্ষেত্রে যেসকল সরকারি কর্মকর্তা তথ্য গোপন করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

জাতীয় রাজস্ব বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আমরা অনেক সরকারি কর্মকর্তার আয় ও ব্যয়ের মধ্যে গরমিল খুঁজে পেয়েছি।

তিনি বলেন, আয়কর কর্মকর্তারা ইতোমধ্যেই অনেক সরকারি কর্মকর্তার ফাইল চিহ্নিত করেছেন যাতে তাদের বার্ষিক আয় দেখানো হয়েছে ১,৫০,০০০ থেকে ২,০০,০০০ টাকা। কিন্তু তারা মাসে বাড়ি ভাড়া দেন ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা।

একজন সিনিয়র আয়কর কর্মকর্তা বলেন, তারা যখন তাদের আয় এত কম দেখাচ্ছেন তাহলে কি করে তারা তাদের সংসার চালাচ্ছেন এবং ছেলেমেয়ের পড়াশুনার খরচ বহন করছেন?

তিনি বলেন, তাদের অবশ্যই আয়ের অন্য কোনও উৎস রয়েছে, যা তারা গোপন করেছেন।

ওই কর্মকর্তা বলেন, অধিক সিনিয়র কর্মকর্তারা কনসালটেন্সির মাধ্যমে বেশ ভালোই আয় করে থাকেন।

তিনি আরও বলেন, আয়কর প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা যে তথ্য দিয়েছেন তার ৭৫ শতাংশ তাদের জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

আয়কর কর্মকর্তা বলেন, আয়কর প্রদানের সময়সীমা শেষ হওয়ার পরপরই আমরা প্রদত্ত তথ্য যাচাই করা শুরু করবো।

এর আগে আয়কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে তাদের বার্ষিক আয় ও সম্পদের বিপরীতে কর সার্টিফিকেট দাখিলের জন্যে জাতীয় রাজস্ব বোর্ড চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষ সময়সীমা নির্ধারণ করে দেয়। এতে খুব বেশি সাড়া না পাওয়ায় এ সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, প্রায় ৫০,০০০ সরকারি কর্মকর্তা আয়কর প্রদানে সক্ষম। কিন্তু তাদের বেশিরভাগই এখন পর্যন্ত আয়কর প্রদান করেননি।

আয়কর প্রদানে সক্ষম সরকারি কর্মকর্তাদের এবারই প্রথমবারের মতো নগদ টাকায় কর পরিশোধ করতে হচ্ছে। তাদের বেতনের উপর ধার্য এ কর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক হবে।

কর্মকর্তাদের আয়কর প্রদানের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড ২৬ অক্টোবর সকল আয়কর কার্যালয় শুক্র ও শনিবারেও খোলা রাখার নির্দেশ দেয়।

বর্ধিত সময়সীমা ৩১ অক্টোবরের মধ্যে যারা আয়কর প্রদানে ব্যর্থ হবেন তাদেরকে ২,৫০০ টাকা জরিমানা করা হবে। একই সাথে পরবর্তী প্রতিদিনের জন্যে জরিমানার পরিমাণ ২৫০ টাকা করে বাড়তে থাকবে।