কক্সবাজারে বৌদ্ধ মন্দিরে পাহারাদার খুন
কক্সবাজার শহরের অভিজাত এলাকা হিলটপ সার্কিট হাউস সংলগ্ন বাহারছড়া বৌদ্ধ মন্দিরের পাহারাদারকে খুন করা হয়েছে।
সূত্র জানায়, মংক্যই রাখাইন (৬০) নামের এই পাহারাদারকে মঙ্গলবার গভীর রাতে হত্যা করার পর মন্দিরের অভ্যন্তরে একটি সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে এক বিধবা মহিলাসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার সকালে মন্দিরের ভিক্ষু সিলিংয়ের সঙ্গে পাহারাদারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে উঠেন। এ সময় স্থানীয় লোকজন ছুটে আসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
ময়না তদন্ত শেষে লাশ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক মহিলা সহ দু’ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হল বিধবা নিরধা বড়ুয়া (৩৫) ও ছেনতাই রাখাইন (৩৮)। পুলিশ জানায়, হত্যাকান্ডটি রহস্যজনক। এব্যাপারে তদন্ত চলছে।
