খুলনায় পৃথক ঘটনায় তিনজন এসিডদগ্ধ
খুলনা মহানগরী ও ডুমুরিয়া উপজেলায় পৃথক দু’টি এসিড নিক্ষেপের ঘটনায় শিশুসহ তিনজন এসিডদগ্ধ হয়েছে।
তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে গৃহবধূ, কলেজ ছাত্রী শুক্লা রানী মন্ডল (২২) ও তার মা নগরীর বসুপাড়া বানরগাতি এলাকার আত্মীয় বাড়ি থেকে বটিয়াঘাটার উদ্দেশে রওনা হন। গল্লামারী নামক স্থানে পৌঁছলে একটি মোটরসাইকেলে দু’জন দুর্বৃত্ত এসে শুক্লা রানীর পিঠে এসিড নিক্ষেপ করে।
এসিডে তার পিঠ ঝলসে যায়। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, যৌতুকের কারণে স্বামী নবেন্দু মণ্ডলের বড় ভাই বিশ্বজিৎ মণ্ডল শুক্লার ওপর এসিড নিক্ষেপ করে।
অপরদিকে ডুমুরিয়া উপজেলার কুমিরা গ্রামের বাসিন্দা বৃদ্ধ মোজাফ্ফর মল্লিক ও শিশু ছগির হোসেন তাদের বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রসীরা তাদের ওপর এসিড নিক্ষেপ করে। এতে মোজাফ্ফরের মুখ, দু’চোখ ও পিঠ এবং শিশু ছগিরের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। মোজাফ্ফরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু ছগিরকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে তাদের ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
