সিঙ্গাপুর এয়ারলাইন্সের লভ্যাংশ আবারও কমেছে
জ্বালানির মূল্য বৃদ্ধিতে আয়ের বেশিরভাগ অর্থই এ খাতে ব্যয় হওয়ায় বিশ্বের সর্বোচ্চ লাভজনক বিমান পরিবহন প্রতিষ্ঠান সিঙ্গাপুর এয়ারলাইন্স টানা তৃতীয়বারের মত প্রায় এক চতুর্থাংশ লাভ কমে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। ঢাকায় প্রাপ্ত এক খবরে এ তথ্য জানা গেছে।
বিমান পরিবহন সংস্থাগুলোর সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় জ্বালানি ক্রয় খাতে। চলতি বছরে বিমানের জ্বালানি তেলের দাম প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে বিশ্বের বিমান শিল্প যেখানে আরেকটি মাল্টি ডলার লোকসানের মুখোমুখি হতে চলেছে, সেখানে জ্বালানির মূল্যে উর্ধ্বগতি সত্ত্বেও লোকসানের বিষয়টি সিঙ্গাপুর এয়ারলাইন্স তা ভালভাবেই মোকাবিলা করতে পারবে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মোট লাভ ১২ শতাংশ কমে ৩১৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এক বছর আগে অঙ্কটা ছিল ৩৫৭ মিলিয়ন ডলার।
সিঙ্গাপুর এয়ারলাইন্স বৃহস্পতিবার ত্রৈমাসিক আয়ের হিসাব প্রকাশ করবে।
জ্বালানির দাম বৃদ্ধির কারণে ২০০৫/০৬ অর্থবছরে লাভ পাঁচ শতাংশ বা এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার কমে যাবে বলে বিশ্লেষকরা ভবিষ্যদ্বানী করেছেন।
২০০৫ সালের শুরুতে জ্বালানি তেলের যে দাম ছিল, এখন তার চেয়ে ৪৪ শতাংশ বেশি দামে সিঙ্গাপুরে বিমানের জ্বালানি তেল বিক্রি হচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স এপ্রিল থেকে জুন মাসে তার ১৩,৫০০ জন কর্মকর্তা-কর্মচারির জন্য বেতন-ভাতা খাতে যে অর্থ ব্যয় করেছে, তার চেয়েও পঞ্চাশ শতাংশ বেশি অর্থ প্রতিষ্ঠানটি ব্যয় করে জ্বালানি ক্রয় খাতে।
লাভ কমে গেলেও পরিবহন সংস্থাটি ১০টি এ ৩৮০ এয়ারবাস কেনার অর্ডার দিয়েছে এবং ৩১ বোয়িং বি-৭৭৭-৩০০ ইআর কেনার পরিকল্পনা করছে। আর তাদের শেয়ার কেনাবেচার পরিমাণ বছরের শুরুর দিকের মতই রয়েছে।
