মুম্বাইয়ে নারী পাচারকারী চার বাংলাদেশী গ্রেপ্তার
নেভি মুম্বাই পুলিশের অপরাধ বিভাগ শুক্রবার সন্দেহভাজন চার নারী পাচারকারী দালালকে গ্রেপ্তার করেছে। এরা বাংলাদেশ থেকে মুম্বাই এবং নেভি মুম্বাইয়ে নারী পাচার করতো।
গত দু’বছর ধরে তারা বাংলাদেশ থেকে প্রায় ৫০-৬০ জন মেয়েকে নেভি মুম্বাইয়ে পাচার করেছে বলে রোববার টিএনএন জানিয়েছে।
নির্বিঘ্নে পাচার কাজ পরিচালনা করতে তারা নিরাপদ পথ অনুসরণ করত। এমনকি পাচারকৃতদের জন্য রেশন কার্ডও বরাদ্দ করা হত। এসব মেয়েদের বিভিন্ন বার এবং হোটেলে চাকরি দেয়া হত বলে জানিয়েছেন পুলিশের অপরাধ বিভাগের সহকারী কমিশনার শশীকান্ত মাভারকার। তিনি আরও বলেন, মেয়েদের কাছ থেকে দালালরা কমিশন গ্রহণ করত। মেয়েদের অর্থেই তারা চলত। তারা প্রতি মাসে শতকরা ১০-২০ শতাংশ কমিশন গ্রহণ করত।
নেভি মুম্বাই পুলিশ কমিশনার বিজয় কাম্বলে বলেন, এই প্রথম নেভি মুম্বাইয়ে অবৈধ অভিবাসনে সাহায্যকারী মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত দু’বছরে পুলিশ বাংলাদেশী কয়েকজন মেয়েকে গ্রেপ্তার করলেও দালালদের কাউকে গ্রেপ্তার করতে পারে নি। পাঁচারকৃত মেয়েদের কয়েকজনকে দেহ ব্যবসায়ে বাধ্য করা হয় বলে কাম্বলে সন্দেহ প্রকাশ করেন।
তিনি বলেন, তাদেরকে ফরেনার্স ও পাসপোর্ট অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছে ইলিয়াস মোহাম্মদ মুন্সী (৩৪), খায়াত (৩৪), মোহাম্মদ খান (২৮) এবং কালাম আজিজ (৩৫)।
মাভারকার বলেন, এই মেয়েরা ধরা পড়লে দালালরা তাদের ফিরিয়ে আনার এবং নতুন করে রেশন কার্ড সরবরাহ করার ব্যবস্থা করত।
