চট্টগ্রামে ইয়াকুব হত্যা: গ্রেফতারকৃত মিতার মুক্তি দাবিতে পরিবারের সদস্যরা
ইসলামী ঐক্যজোট নেতা ইকবাল বিন ইয়াকুব হত্যার অভিযোগে গ্রেফতারকৃত সামিনা সারোয়ার চৌধুরী মিতার পরিবার শনিবার সরকারের কাছে প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করার এবং নিরীহ লোকজনকে হয়রানি না করার দাবি জানিয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিতার শাশুড়ি রেহেনা বেগম চৌধুরী এ দাবি জানান। এসময় মিতার মা, ছেলে অমিত ও কন্যা অনন্য উপস্থিত ছিল।
প্রকৃত হত্যাকারীদের আড়াল করতেই পুলিশ তার পুত্রবধুকে ইকবাল হত্যাকাণ্ডে জড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, মিতাকে গ্রেফতারের ঘটনা পূর্বপরিকল্পিত এবং পুলিশ এখন ইকবাল ও মিতার সম্পর্ককে কেন্দ্র করে কাল্পনিক কাহিনী প্রচার করছে।
রেহেনা বেগম বলেন, ইকবাল মারা যাওয়ার আগে মিতা কখনোই তার সঙ্গে ঢাকা যায়নি। সে ১৪ অক্টোবর পর্যন্ত রাঙ্গুনিয়ায় ছিল। জিজ্ঞাসাবাদের নামে পুলিশ ১৮ অক্টোবর রাতে তাকে তার চট্টেশ্বরীর বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি বলেন, এর দুইদিন পর মিতাকে আদালতে হাজির করা হয় এবং তার খোঁজ নিতে থানায় গেলে পুলিশ আমার ভাতিজাকেও গ্রেফতার করে। এছাড়াও পুলিশ তার বাড়িঘর তছতছ করেছে এবং তার মেয়ে, নাতি ও দাদীসহ পরিবারের সদস্যদের হয়রানি করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি অবিলম্বে মিতাকে ছেড়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানান।
ইসলামী ঐক্যজোটের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইকবাল বিন ইয়াকুবকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশ রোববার সকালে নগরীর গণি ব্যাকারি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
