২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে আকস্মিক জ্বালানি তেলের সংকট, হোঁচট খেলো অভ্যন্তরীণ ফ্লাইট

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আকস্মিকভাবে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় শুক্রবার সংস্থার অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহি ফ্লাইট চলাচল একদফা হোঁচট খায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পরে বিমানের বিশেষ অনুরোধে আবারো তেল সরবরাহ করা শুরু হলেও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শিডিউলের রদবদলের কারণে যাত্রী দুর্ভোগ বাড়ে।

বিমান সূত্র জানায়, বিমানকে জ্বালানি তেল সরবরাহকারী আরেক সরকারি প্রতিষ্ঠান বিপিসি অভ্যন্তরীণ রুটে তেল সরবরাহ করতে আস্বীকৃতি জানানোর ফলে শুক্রবার সকালে বিমানের অভ্যন্তরীণ ঢাকা-যশোর ও ঢাকা-রাজশাহী-সৈয়দপুর রুটের দুটি ফ্লাইট বাতিল হয়।

বিমানের বিশেষ অনুরোধে শুক্রবারই বেলা ২ টার পরে বিপিসি বিমানকে আবার তেল সরবরাহ শুরু করলে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়। এছাড়া বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট চালানো হয় বিমানের তেলের পুরনো মজুদ থেকে।

বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, বিমানের কাছে বিপিসি’র তেল বাবদ বকেয়া রয়েছে ২০০ কোটি টাকারও বেশী। এখন বিমান প্রতি মাসে নগদ টাকায় বিপিসির কাছ থেকে জ্বালানি তেল কিনছে। চলতি মাসে বিমান এ পয়ন্ত ২১ কোটি টাকার জ্বালানি তেল কিনেছে।

তিনি জানান, ১৭ অক্টোবর বিপিসি এক পত্রে বিমান কর্তৃপক্ষকে জানায়, বকেয়া পরিশোধ করা না হলে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে বিপিসি বিমানকে তেল সরবরাহ বন্ধ করে দেবে। বিপিসির ওই আল্টিমেটাম বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়।

বিমান ছাড়াও বিপিসি’র তেল খেলাপী একাধিক সরকারি সংস্থা থাকলেও বার বার বিমানকে কেনো রোষানলে পড়তে হচ্ছে, এ নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে। বিপিসি গত কয়েক বছরে বিমানকে তেল সরবরাহ বন্ধ করে দেবে-একাধিকবার এমন হুমকি দিলেও এবারই প্রথম তারা এমন কঠোর সিদ্ধান্ত কার্যকর করেছে।

বিমানকে বিপিসির তেল সরবরাহ না করার সিদ্ধান্ত অবশ্য এখনো সংস্থার আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কোনো প্রভাব ফেলেনি।

জাতীয় পতাকাবাহী বিমানের উড়োজাহাজ বহরে এখন পাঁচটি ডিসি-১০, চারটি এয়ারবাস এবং তিনটি এফ-২৮ রয়েছে। বিশ্বের তিনটি মহাদেশের ২৬ টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমান যাত্রীবাহি ফ্লাইট পরিচালনা করছে।